স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকের আওতায় রমনা সমাজকল্যাণ সোসাইটির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের অধীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের যেকোনো শাখায় নির্দিষ্ট চিকিৎসাসেবায় বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
বৃহস্পতিবার ইবনে সিনা ডি. ল্যাব ও কনসালটেশন সেন্টারের মালিবাগ শাখার কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং রমনা সমাজকল্যাণ সোসাইটির পক্ষে সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও রিজিওনাল ইনচার্জ (কর্পোরেট) মোহাম্মদ মাসুদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) কামরুল হাসান রিপন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ শহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ হাবিবুল্লাহ মারুফ, সিনিয়র অফিসার (কর্পোরেট রিজিওন) মোয়াজ্জেম হোসেন এবং অফিসার (কর্পোরেট উইং) হাছনুর রহমান খান।
এ ছাড়া রমনা সমাজকল্যাণ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সিনিয়র সহকারী সচিব জায়েদুল হক, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল ফারুক, কার্যকরী সদস্য সুলতান উদ্দিন, আবু মুছা, রেজাউল হক, গোলাম মোস্তফা শওকত, আলমগীর হোসাইন, নূরের রহমান পারভেজ, পশ্চিম মালিবাগের বাসিন্দা মো. আব্বাস, সিদ্ধেশ্বরী যুব কল্যাণ সোসাইটির মো. তাসদিকসহ সোসাইটি ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী বলেন, “রমনা সমাজকল্যাণ সোসাইটির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব বলে আশা করি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ।”
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, “আমাদের সদস্যদের কল্যাণে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইবনে সিনা ট্রাস্টের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমাদের সদস্যরা মানসম্মত চিকিৎসাসেবা সহজে গ্রহণ করতে পারবেন।”
তিনি আরও বলেন, “পাশাপাশি রমনা থানার অন্তর্ভুক্ত সকল হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চিকিৎসাসেবার সুযোগ পাবেন।”
উভয় পক্ষ এই অংশীদারত্বের মাধ্যমে ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


