লাল কার্ড দেখে নেইমারের হুমকি

লাল কার্ড দেখে নেইমারের হুমকি

ফুটবল মাঠে নিজের নৈপুণ্যের চেয়ে মেজাজ ও বিতর্কিত আচরণের জন্য আবারও খবরের শিরোনাম হলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সান্তোস ও বাহিয়ার মধ্যকার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এ ফরোয়ার্ড। ম্যাচটিতে ফল ছাপিয়ে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নেইমারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও ম্যাচ শেষের হুমকি।

ম্যাচের শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল ঊর্ধ্বমুখী। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেইমার। মেজাজ হারিয়ে প্রতিপক্ষের গায়ে বল ছুড়ে মারায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান। কিন্তু তাতেও থামেননি তিনি; নেস্টরের সঙ্গে বাহিয়ার কোচ রজেরিও সেনির সঙ্গেও তর্কে জড়ান। বিরতির সময় নেস্টর অভিযোগ করেন, নেইমার কেবল তাকেই নয়, পুরো বাহিয়া ক্লাবকেই অসম্মান করেছেন। কী কথা হয়েছিল তা প্রকাশ না করলেও তিনি জানান, সে ভাষা শিশুদের সামনে বলার মতো নয়।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিস্থিতি চরম আকার ধারণ করে। মাঠে ফিরে নেস্টরের সঙ্গে আবারও তর্কে লিপ্ত হন নেইমার। এ সময় হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু একটা বলেন তিনি। সঙ্গে সঙ্গে রেফারি সাভিও সাম্পাইওর কাছে অভিযোগ জানান নেস্টর। ভিএআর সহায়তা নিয়ে নেইমারের আচরণকে শাস্তিযোগ্য অসদাচরণ হিসেবে চিহ্নিত করে তাকে লাল কার্ড দেখান রেফারি।

লাল কার্ড দেখার পর আরো বেশি চড়াও হন সান্তোসের এ ১০ নম্বর জার্সিধারী। ক্ষিপ্ত হয়ে নেস্টরের দিকে তেড়ে যাওয়ার সঙ্গে মারকোস ভিক্টরের গলা চেপে ধরেন বলে ম্যাচের বিবরণে উল্লেখ করা হয়। সতীর্থদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে মাঠ ছাড়েন তিনি।

মাঠ ছাড়ার পথে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার পেদ্রো লোপেসের কাছে নিজের সাফাই গেয়ে নেইমার দাবি করেন, তারা মূলত হাসিঠাট্টা করছিলেন। মুখ ঢেকে কথা বলা ভুল ছিল স্বীকার করলেও তিনি বলেন, কিছু বলার আগেই নেস্টর রেফারির কাছে মিথ্যা অভিযোগ তুলেছেন। স্পোরটিভির প্রতিবেদন অনুযায়ী, মাঠ ছাড়ার সময় নেস্টরকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন তিনি।

এ লাল কার্ডের ফলে বড় ধরনের বিপাকে পড়েছে সান্তোস। আগে থেকেই হলুদ কার্ড থাকায় পালমেইরাসের বিপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল তার। এবার লাল কার্ডের কারণে আরো এক ম্যাচ মিলিয়ে মোট দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন