দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ঐতিহাসিক ৩৫০ রানের ইনিংস খেলে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন তাওহীদ হৃদয়। এবার জাতীয় দলের জার্সিতেও এমন স্মরণীয় ইনিংস খেলার স্বপ্ন দেখছেন এই ডানহাতি ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৫১২ রানের বিশাল সংগ্রহ গড়েছিল স্বাগতিকরা। জবাবে চাপের মুখে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে শেষ দিনে হৃদয়ের অনবদ্য ইনিংসে বদলে যায় ম্যাচের চিত্র। আগের দিন প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর চতুর্থ দিনে ইনিংসটিকে নিয়ে যান ৩৫০ রানে।
এর মধ্য দিয়ে ভেঙে দেন তামিম ইকবালের ৩৩৪ রানের রেকর্ড। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে এখন সর্বোচ্চ রানের মালিক হৃদয়। তার ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিডও নেয় বাংলাদেশ।
ঐতিহাসিক এই ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন হৃদয়। তিনি লিখেছেন, ‘সত্যি বলতে এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি, এখনও পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।’
তবে এই অর্জনেই থেমে থাকতে চান না জাতীয় দলের এই ব্যাটার। জাতীয় দলের হয়েও এমন বড় ইনিংস খেলার স্বপ্নের কথা জানিয়ে হৃদয় লিখেছেন, ‘ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-ccfc0e-720x405.webp)