শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে অগ্নিকাণ্ডে চার দোকান ও একটি গোডাউন ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বিলাসপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে হার্ডওয়্যারের দোকান, খাবার হোটেল ও চায়ের দোকান এবং একটি গোডাউন ঘর।
স্থানীয়রা জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জাজিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী আলী আহাম্মদ খান বলেন, হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিই। ততক্ষণে আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়েছিল। আমরাও আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় কাছে গিয়ে পানি দেওয়া সম্ভব হচ্ছিল না।
হার্ডওয়্যারের দোকানের মালিক মান্নান মাদবর বলেন, আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। আমার আর কিছু নেই।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, আগুন কীভাবে লেগেছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষক্ষতির পরিমাণ এখনো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-f3585f-720x405.webp)