খুলনায় অকৃতকার্য এসএসসি শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর লড়াই

খুলনা ব্যুরো

খুলনায় অকৃতকার্য এসএসসি শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর লড়াই
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনামূলক সেমিনার। ছবি: আমার দেশ

একটি পরীক্ষায় অকৃতকার্য হয়ে যেন কোনো শিক্ষার্থী জীবনের দৌড় থেকে ছিটকে না পড়ে—এই লক্ষ্য সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী দিনব্যাপী আয়োজন করা হয়েছে। “ফেল নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ”, এমন বার্তা নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে আয়োজন করা হয় বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনামূলক সেমিনার।

গত বুধবার আন্দুলিয়া, শাহপুরের সোনামুখ স্মার্ট একাডেমি হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরামর্শ সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক হাফিজুর রহমান। বক্তব্য রাখেন- সাইফুল ইসলাম মল্লিক, সোনামুখ স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা এ. এম. কামরুল ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. সন্দীপক মল্লিক, এস এম নূরুল ইসলাম, অধ্যাপক মামুন কাদের, অধ্যাপক তাসিন কাদির, অধ্যাপক ড. বিশ্বাস শাহিন আহমেদ, সোনামুখ স্মার্ট একাডেমির প্রিন্সিপাল হুসাইন আহমেদ এবং ইংরেজি বিভাগের শিক্ষক সৌমেন মণ্ডল।

সেমিনারে বক্তারা বলেন, একটি পরীক্ষার ফলাফল কোনো শিক্ষার্থীর পুরো জীবন নির্ধারণ করে না। ব্যর্থতার কারণ চিহ্নিত করে সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে অকৃতকার্য শিক্ষার্থীরাও সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে।

বিশেষ করে এ বছর অনেক শিক্ষার্থী ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে অকৃতকার্য হয়েছে উল্লেখ করে বক্তারা ইংরেজি বিষয়ে দুর্বলতা কাটাতে নিয়মিত পড়াশোনা, অনুশীলন ও দক্ষ শিক্ষকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেন। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সোনামুখ স্মার্ট একাডেমি এলাকার সকল শিক্ষার্থীদের বিভিন্ন সাবজেক্টে দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে বিশেষ সহায়তা প্রদানের কথা ঘোষণা করে।

একই অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার ওপর আলোচনা এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সবাইকে পুরস্কৃত করা হয়। অকৃতকার্য শিক্ষার্থীদের প্রত্যেককে 'তুমিও জিতবে' বইটি উপহার দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন