হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশি মদ আটক করা হয়েছে।
সোমবার সিআইআইডি জানায়, তিন অভিযানে সব মিলিয়ে আটক করা হয়েছে ৩৪৯ কার্টুন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ। প্রদত্ত হিসাব অনুযায়ী পণ্যগুলোর সম্মিলিত শুল্কায়নযোগ্য/বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা এবং নির্ধারিত পণ্যগুলোর প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। সে হিসাবে শুল্ক-করসহ আটক পণ্যের সম্মিলিত মূল্য দাঁড়ায় ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।
অভিযান-১: EK582 ও EK586: তিন যাত্রীর কাছে ১৭০ কার্টুন সিগারেট
সোমবার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের এ-শিফট দুবাই থেকে আগত EK582 ও EK586 ফ্লাইটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ আটক করা হয়।
আটক সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা এবং ৬২১% হারে প্রযোজ্য শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। বিদেশি মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং ৬১০.৩০% হারে শুল্ক-কর ১ লাখ ২২ হাজার ৬০ টাকা। এছাড়া নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।
অভিযান-২: BG148-এ আবারও এ-শিফটের অভিযান
গত (১১ আগস্ট) দুবাই থেকে আগত BG148 ফ্লাইটে অভিযান চালায় সিআইডির এ-শিফট। বিভিন্ন যাত্রীর কাছ থেকে আটক করা হয় ১৭৯ কার্টুন সিগারেট এবং ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম। সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা এবং ৬২১% হারে প্রযোজ্য শুল্ক-কর ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।
অভিযান-৩: ফরেন পোস্ট অফিসে বিশাল চালান: একসঙ্গে ৩১৯ কেজি নিষিদ্ধ বিউটি ক্রিম
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে একসঙ্গে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে। শুধু এই চালানটিরই আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
তিন অভিযানের সম্মিলিত চিত্র
পণ্যের সম্মিলিত শুল্কায়নযোগ্য/বাজারমূল্য: ৯০,১৬,০০০ টাকা
উল্লিখিত প্রযোজ্য শুল্ক-কর: ৮৭,৯০,৮৬০ টাকা
শুল্ক-করসহ সম্মিলিত মূল্য: ১,৭৮,০৬,৮৬০ টাকা।
চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় গোপন তথ্য সংগ্রহ, ঝুঁকিভিত্তিক নজরদারি এবং যাত্রী ও কার্গো/পার্সেল পর্যায়ে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


