১৪৯তম জন্মবার্ষিকী

আত্মপরিচয় ও জাগরণের কবি ইকবাল

আত্মপরিচয় ও জাগরণের কবি ইকবাল

আল্লামা মুহাম্মদ ইকবাল প্রাচ্যের কবি হিসেবেই বিশ্বজুড়ে অধিক পরিচিত; তার কবিসত্তা, দার্শনিক প্রজ্ঞা ও চিন্তার বিস্তৃতি নির্দিষ্ট কোনো ভূখণ্ড কিংবা ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ ছিল না। এই কালজয়ী কবির মনোজগৎজুড়ে ছিল সমগ্র মুসলিম বিশ্বের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও নবজাগরণের স্বপ্ন। তার কাব্যচিন্তায় কখনো প্রতিফলিত হয়েছে আরবের পবিত্র হেজাজের আধ্যাত্মিক মহিমা, কখনো স্পেনের হারানো আন্দালুসিয়ার গৌরবোজ্জ্বল স্মৃতি, কখনো পারস্যের সুফি দর্শনের গভীর জীবনবোধ, আবার কখনো তুর্কিয়ে সালতানাতের পুনর্জাগরণের প্রত্যয়। এই আত্মদর্শনের কথা ফুটে ওঠে কবির রচিত তারানায়ে মিল্লির পঙক্তিমালায়। তিনি বলেছেন, ‘চীন-ও-আরব হামারা, হিন্দুস্তাঁ হামারা/ মুসলিম হে হাম, ওয়াতান হে সারা জাহাঁ হামারা’। ইকবালের কাছে ভূগোলের সীমারেখার চেয়ে বড় ছিল মানুষের আত্মিক পরিচয়, চিন্তার স্বাধীনতা, আত্মমর্যাদা এবং মানবমুক্তির চেতনা। তার দর্শনের কেন্দ্রে ছিল ‘খুদি’Ñতথা নিজেকে চেনা, নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা এবং আত্মমর্যাদায় বলীয়ান হয়ে এগিয়ে যাওয়া। তাই তার কবিতায় চীন-আরব-ইউরোপ এবং আন্দালুসিয়াসহ সমগ্র জগতের আত্মিক পরিচয়, চিন্তার স্বাধীনতা, আত্মমর্যাদা এবং মানবমুক্তির চেতনার কথা ফুটে উঠেছে। আজও তার কবিতা সমগ্র বিশ্বজুড়ে মানুষকে ভাবায়, জাগায় এবং নতুন করে পথচলার প্রেরণা জোগায়। ইকবালের চিন্তাজগতে হতাশার কোনো আশ্রয় ছিল না। তিনি ছিলেন এক অসামান্য আশাবাদী কবি, যিনি হতাশার অন্ধকারকে দূরে ঠেলে সম্ভাবনার আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন সমগ্র উম্মাহর মাঝে। কবি বাঙ্গে দারার ‘শামা-শায়ের’ কবিতায় বলেছেন, ‘শামে গম লেকিন খবর দেতি হ্যায় সুবহে ঈদ কি/ জুলমতে শব মে নজর আই কিরনে উম্মিদ কি’Ñঅর্থাৎ, দুঃখের সন্ধ্যাও ঈদের সকালের আগমনী বার্তা দেয়, রাতের গভীর অন্ধকারেও আশার আলোকরেখা দেখা যায়। তার কবিতায় জেগে ওঠার আহ্বান বিস্তৃত। আত্মবিস্মৃতির বেদনার চেয়ে আত্মপরিচয় ফিরে পাওয়ার প্রেরণাই মুখ্য।

বিজ্ঞাপন

পরাধীনতার শৃঙ্খল ভাঙতে আল্লামা ইকবাল ‘জওকে ইয়াকিন তথা দৃঢ় বিশ্বাসের কথা বলেছেন। এটার জন্য প্রয়োজন হৃদয়ের গভীরে সুদৃঢ় মনোবল, আত্মমর্যাদাবোধ এবং অবিচল বিশ্বাসের শক্তি। ইকবাল এই অন্তর্নিহিত শক্তিকেই অভিহিত করেছেন ‘জওকে ইয়াকিন’ নামে। মানুষের অন্তরে যখন সত্যিকার বিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের জন্ম হয়, তখন জুলুম, পরাধীনতা ও দাসত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি সৃষ্টি হয়। যে জাতি নিজের আত্মশক্তি ও বিশ্বাসের ওপর আস্থা রাখতে শেখে, কোনো শৃঙ্খলই সে জাতিকে চিরকাল বন্দি রাখতে পারে না। ‘তুলু-এ-ইসলাম’ কবিতায় ইকবাল বলেছেন, ‘গুলামি মে নাহ কাম আতি হ্যায় শমশীরেঁ-নাহ তদবীরেঁ/ জো হো জওকে ইয়াকিন পয়দা, তো কাট জাতি হ্যায় জঞ্জীরেঁ’Ñঅর্থাৎ, পরাধীনতায় তলোয়ার কিংবা কৌশল কোনো কাজে আসে না, অটুট বিশ্বাসের আকাঙ্ক্ষা জাগ্রত হলে শৃঙ্খল আপনা থেকেই ছিন্ন হয়ে যায়। ‘তুলু-এ-ইসলাম’ কবিতার প্রতিটি পঙক্তিতে ইকবাল একটি ঘুমন্ত জাতির হৃদয়ে আত্মবিশ্বাসের আগুন জ্বালাতে চেয়েছেন। ইকবাল মুসলমানদের শুধু রাজনৈতিক মুক্তির স্বপ্ন দেখাননি, বরং তাদের আত্মিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক মুক্তির পথও দেখিয়েছেন। ‘তুলু-এ-ইসলাম’ কবিতার পঙক্তিমালায় ইকবাল বলেছেন, আবার পাঠ করো সত্যবাদিতা, ন্যায়বিচার ও বীরত্বের শিক্ষা/ পৃথিবীর নেতৃত্বের দায়িত্ব তোমার ওপরই অর্পিত হবে। তরুনদের ঈগলের সঙ্গে তুলনা করে ইকবাল বাল-এ-জিবরিল’র ‘জওয়ানোঁ কো মেরি আহে সাহার দে’ কবিতায় আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন ‘জওয়ানোঁ কো মেরি আহে-সাহার দে/ ফির ইন শাহীন বাচ্চোঁ কো বাল-ও-পর দে’Ñ।

ভারতীয় উপমহাদেশে ১৭৫৭ সালে নবাব সিরাজ-উদ-দৌলার পতনের পর মুসলমানদের এক ক্রান্তিকাল শুরু হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নিষ্ঠুর শোষনে মুসলমানরা নিজেদের আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও স্বকীয়তা হারিয়ে দিশাহীন অবস্থায় দিন কাটাচ্ছিল। তখনই আল্লামা ইকবাল আশার আলো নিয়ে উম্মাহর মাঝে হাজির হয়েছিলেন। বাল-এ-জিবরিল’র ‘সিতারে কা পয়গাম’ কবিতায় ইকবাল সেই আশার কথা বলেছেন, ‘তু অ্যায় মুসাফিরে শব! খুদ চিরাগ বন আপনা/ কর আপনি রাত কো দাগে জিগর সে নূরানি’Ñ। তার আশাজাগানিয়া কবিতা দিকহারা মানুষের মাঝে আশার সঞ্চার ঘটিয়েছিল। ইকবাল বিশ্বাস করতেন, যে হৃদয়ে স্বপ্ন আছে, যে আত্মায় বিশ্বাস আছে, তাকে কোনো পরাজয় থামিয়ে রাখতে পারে না। হতাশায় নিমজ্জিত উম্মাহর মাঝে ইকবাল তার কবিতার অমিয় সুরে জাগিয়েছিলেন আশার আলো, ফিরিয়ে দিয়েছিলেন আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার চেতনা। পবিত্র কোরআন বিষয়ে ছিল তার গভীর জ্ঞান ও উপলব্ধি। কোরআন সম্পর্কে তিনি ফারসি কাব্যগ্রন্থ জাভেদনামায় লিখেছেন যা উর্দুতে এ রকমÑ

‘সাফ কেহ দেতা হুঁ জো মেরে দিল মে ছুপা হ্যায়,

ইয়ে কোই কিতাব নেহি হ্যায়, ইয়ে কুছ অউর হি চিজ হ্যায়।

জব ইয়ে রুহ মে সামা জাতা হ্যায় তো জান কুছ অউর হি হো জাতি হ্যায়,

অউর জব জান কুছ অউর হো জাতি হ্যায় তো জাহান ভি কুছ অউর হি হো

জাতা হ্যায়।’

ইকবাল তার অমর সব রচনার জন্য আজও বিশ্বব্যাপী প্রাসঙ্গিকÑপুনর্জাগরণের এক কালজয়ী কবি।

লেখক: সাংবাদিক

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন