বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংক খাতের চলমান সংকট বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দীর্ঘ সময়ের নজিরবিহীন ক্ষমতার অপব্যবহার, সুশাসন ও দক্ষতার অভাবে চলে আসা দুর্নীতি এবং লুটপাটের এক করুণ চিত্র। অতীত সরকারের সময়ে নিরবচ্ছিন্ন তদারকির অভাবে দেশের আর্থিক খাত যে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে, এর বস্তুনিষ্ঠ চিত্র উঠে এসেছে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রস্তুতকৃত অর্থনীতিবিষয়ক শ্বেতপত্রে। যেখানে বলা হয়েছে, এই ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ২৮ লাখ কোটি টাকার সমপরিমাণ । এই সুপরিকল্পিত আর্থিক হরিলুটের কেন্দ্রবিন্দুতে ছিল ব্যাংক খাত, যা আজ সমগ্র অর্থনীতিকে পর্যুদস্ত করে দিয়েছে। এ দেশকে এক গভীর ‘লো লেভেল গ্রোথ ট্র্যাপের (Low-level growth trap) অথৈ সাগরে নিক্ষেপ করেছে।
প্রয়োজনীয় সমীক্ষা ছাড়া রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের ছড়াছড়ি ও প্রাতিষ্ঠানিক বিপর্যয়
একটি দেশের অর্থনৈতিক আয়তন, জিডিপির আকার এবং কেন্দ্রীয় ব্যাংকের তদারকি সক্ষমতার কথা না ভেবে সম্পূর্ণ রাজনৈতিক ও সংকীর্ণ দলীয় বিবেচনায় একের পর এক ব্যাংকের লাইসেন্স দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল বিগত সরকার। ২০১৩ সালে প্রয়োজনীয় সমীক্ষা ছাড়াই একসঙ্গে ৯টি নতুন বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক), ইউনিয়ন ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক (বর্তমান গ্লোবাল ইসলামী ব্যাংক), মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এসবিএসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও মধুমতি ব্যাংক ইত্যাদি। পরে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে প্রবাসীকল্যাণ ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেনস ব্যাংক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশসহ আরো চারটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। যেখানে আগের ব্যাংকগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না, সেখানে নতুন ব্যাংক অনুমোদন দেওয়া অর্থনীতির জন্য মোটেই সমীচীন হয়নি।
সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টিতে। অথচ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রাতিষ্ঠানিক অর্গানোগ্রাম ও জনবলের সক্ষমতা অনুযায়ী কার্যকর এবং নিবিড় তদারকি করা সম্ভব বড়জোর ১০টি ব্যাংকের। অথচ তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে ৬৫টি বাণিজ্যিক ব্যাংক এবং ৩৫টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) । এই (৬৫+৩৫) ১০০টি প্রতিষ্ঠানের দুর্বল তদারকির সুযোগ নিয়ে রাজনৈতিক বলয়ের মাফিয়া চক্র এবং ব্যাংকগুলোর কিছু অসাধু পরিচালক ব্যাংকিং আইন নিজেদের সুবিধামতো সংশোধন করে নিয়েছেন। ফলে পুরো খাতে পরিবারতন্ত্র, স্বেচ্ছাচারিতা ও ঋণ প্রদানে বায়বীয় মর্টগেজের বিপরীতে ভুয়া ঋণ প্রদান এবং সীমাহীন লুটপাট ঘটে।
এর মূর্ত প্রতীক হিসেবে ইউনিয়ন ব্যাংক বা গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোতে আজ খেলাপি ঋণের (এনপিএল) হার ৯৬ থেকে ৯৭ শতাংশ ছাড়িয়ে গেছে, পদ্মা ব্যাংকসহ অন্তত ১০টি ব্যাংক সম্পূর্ণ দেউলিয়া বা তারল্যহীন (Technically Bankrupt) অবস্থায় পৌঁছেছে। ফলে, ২০২৪ অর্থবছর শেষে ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত বা খেলাপি ঋণের ‘ব্ল্যাকহোল’ ৬ লাখ ৭৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বৈশ্বিক তুলনা ও বাংলাদেশের ব্যাংক খাতের অসংগতি
তুলনামূলক অর্থনীতির হিসাব করলে এই অসংগতির চিত্র আরো স্পষ্ট হয়ে ওঠে। ভারতের জিডিপির আকার ৪ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি হলেও সেখানে সরকারি ও বেসরকারি মালিকানায় বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা মাত্র ৩৩টি। অন্যদিকে, বাংলাদেশের জিডিপির আকার মাত্র শূন্য দশমিক ৫ ট্রিলিয়ন ডলার অর্থাৎ ভারতের ১০ ভাগের একভাগ ।
গত ১০ বছরের অর্থনৈতিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, ভারতে জিডিপির গড় প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৬ দশমিক ৫ থেকে ৭ দশমিক ০ শতাংশ (সর্বশেষ ২০২৫ অর্থবছরে যা ৭ দশমিক ৭ শতাংশের বেশি)। এর বিপরীতে, বাংলাদেশে গত এক দশকে গড় প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশের কাছাকাছি থাকলেও গত অর্থবছরে (২০২৪-২৫) তা ব্যাপকভাবে কমে ৩ দশমিক ৪৯ শতাংশে নেমে এসেছে। ভারতের মতো বিশাল অর্থনীতির দেশ যেখানে মাত্র ৩৩টি ব্যাংক দিয়ে দক্ষতার সঙ্গে তাদের পুরো আর্থিক বাজার পরিচালনা করছে, সেখানে দুর্বল অর্থনীতি ও ভঙ্গুর তদারকি ব্যবস্থার বাংলাদেশে ৬৫টি ব্যাংক শুধু গলার কাঁটা নয়, বরং সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় সংকট। উন্নয়নের সহায়ক না হয়ে উন্নয়নের পথে প্রতিবন্ধক হয়ে উঠেছে।
দেশের চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় এমন কোনো দক্ষ, দূরদর্শী বা সৎ নেতৃত্ব কখনোই ছিল না, যারা ব্যাংকগুলোকে সঠিক ট্র্যাকে পরিচালনা করে জাতীয় অর্থনীতিতে কোনো ইতিবাচক অবদান রাখতে পারত।
খেলাপি ঋণ আদায় ও অর্থনীতির গতিপ্রবাহে দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ
বর্তমানে বড় ঋণ খেলাপিদের ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ডসহ দীর্ঘ কিস্তির সুবিধা দেওয়া হচ্ছে। উদ্যোগটি ভালো, তবে ঢালাওভাবে সুবিধা না দিয়ে উৎপাদনমুখী প্রকৃত শিল্পকারখানা ও ব্যবসায়ীদের দেওয়া উচিত। এতে খেলাপি ঋণ আদায় হবে এবং অর্থনীতির গতিপ্রবাহ বৃদ্ধি পাবে। যেসব শিল্পকারখানার উৎপাদন বন্ধ ও পুনঃচালু অসম্ভব এবং যেসব ব্যবসায়ীর পক্ষে ব্যবসা চালু করা অসম্ভব ও ঋণ পরিশোধে অক্ষম, তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠান অবসায়নের মাধ্যমে বন্ধকি সম্পত্তি বিক্রয় করে খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে।
এদিকে, সরকার সংকটের শেষ চিকিৎসা হিসেবে শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত (Merger) করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করেছে এবং সেখানে জনগণের করের টাকার পাবলিক মানি থেকে ৩৫ হাজার কোটি টাকার তহবিল (Fund inject) জুগিয়েছে। বর্তমানে আবার নতুন তহবিল দেওয়ার প্রচেষ্টা চলছে । প্রথম ধাপে অর্থায়নের পর ব্যাংকগুলো ব্যবসা-বাণিজ্যে কতটুকু ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে এবং আবার নতুন তহবিল দিয়ে কতটুকু সার্থক হবে, তা বিচার-বিশ্লেষণের দাবি রাখে।
যেসব ব্যাংকের পরিস্থিতি একেবারে খারাপ, তাদের অন্য ব্যাংকের সঙ্গে মার্জ না করে সেসব ব্যাংককে সময় দিয়ে পর্যবেক্ষণে রাখা উচিত। পর্যবেক্ষণে পরিস্থিতি কোনোভাবেই উন্নতি হওয়ার সম্ভাবনা না থাকলে তাদের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করে ব্যাংকগুলোকে অবসায়ন করতে হবে।
প্রথম প্রজন্মের ব্যাংক হওয়ার পরও ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ ৫০ শতাংশের বেশি কেন?
বেসরকারি খাতে ব্যাংকের লাইসেন্স দেওয়ার পর ১৯৮৩ সালে প্রথম ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লাইসেন্স পায়। এই দুই ব্যাংকের বিনিয়োগ গ্রহণকারী উদ্যোক্তাদের হাত ধরে দেশে গার্মেন্টস ও ম্যানুফ্যাকচারিং শিল্প উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় ঈর্ষণীয় স্থান দখল করতে সক্ষম হয়। এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশের মোট Foreign Remittance-এর ৬৫ শতাংশ এসে থাকে । অবশিষ্ট ৬৪টি ব্যাংকের মাধ্যমে Remittance-এর ৩৫ শতাংশ আসে। ফার্টিলাইজার আমদানির প্রায় ৭৫ শতাংশ এই দুটি ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি বৃদ্ধি তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের পরিপ্রেক্ষিতে একের পর এক স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়।
অনিয়ম, অব্যবস্থাপনা ও অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপের ফলে প্রথম প্রজন্মের ব্যাংক হওয়া সত্ত্বেও ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে তারল্য সংকট এতটাই চরমে পৌঁছেছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তাদের বারবার বিশাল অঙ্কের নগদ অর্থ সহযোগিতা করতে হয়েছে ।
ইসলামী ব্যাংকের মোট আমানত ১ লাখ ৯০ হাজার কোটি টাকার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৯৯ হাজার কোটি টাকা। অর্থাৎ ৫২ দশমিক ১৪ শতাংশ খেলাপি ঋণ (এনপিএল) । ২০১৫ সালে আমানত, বিনিয়োগ ও Foreign Remittance আনার ক্ষেত্রে প্রথম দেশের এই শরিয়াহ ব্যাংকের খেলাপি ঋণ ছিল মাত্র ২ শতাংশ মাত্র। দেশপ্রেমিক ও ব্যাংকিং সুশাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ পরিচালনা বোর্ড এবং দক্ষ ম্যানেজমেন্টের কারণেই এ ধরনের একটি উচ্চমানের ব্যাংকিং Index অর্জন করা সম্ভব হয়েছে। অথচ তখনকার এসব পরিচালক অতি সামান্য শেয়ারের মালিক ছিলেন।
সরকার ব্যাংকিং আইন সংশোধন করে সৎ ও যোগ্য ব্যক্তিদের বোর্ড ডিরেক্টর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য—একদিকে পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়ায় এবং অন্যদিকে কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণের শর্ত আরোপ করে। উদ্দেশ্যমূলক আইনের মাধ্যমে উদ্যোক্তা পরিচালকদের Compliance Bank থেকে ঝেঁটিয়ে বের করে দেয়। এসব পরিচালকরা অল্প পরিমাণ শেয়ারের মালিক হলেও Compliance Banking-এর প্রতি সুদৃঢ় অঙ্গীকার থাকায় তাদের নেতৃত্বে ব্যাংকের আমানত, বিনিয়োগ, মুনাফা, liquidity এবং সমাজের সর্বস্তরের মানুষের ব্যাংকের প্রতি আস্থা বাড়তে থাকে। অন্যান্য ব্যাংকের তারল্য সংকট দেখা দিলেও প্রথম প্রজন্মের এ ব্যাংক দুটি একসময় তাদের বিনিয়োগ অতিরিক্ত আমানত থেকে কলমানি হিসেবে ধার দেওয়ার অবস্থানে ছিল।
রাজনৈতিক প্রভাব, বলয় ও হস্তক্ষেপের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার সফল ব্যাংক ইসলামী ব্যাংক এবং দেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক থেকে আমানতের অর্থ লুট করে বিদেশে পাচার করার পাশাপাশি ব্যাংক দুটিতে পারিবারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। এছাড়া আরো পাঁচ-ছয়টি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকগুলোকে দুর্বল করা হয়েছে।
নির্বাচিত সরকার সব রুগ্ণ ব্যাংককে বাঁচিয়ে রাখার লক্ষ্যে পাঁচটি শরিয়াহ ব্যাংকে একীভূত করে একদিকে প্রশাসক বসাচ্ছে, অন্যদিকে তারল্য সংকট দূর করার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার মূলধন সহায়তা দিচ্ছে। এটি সাময়িক জোড়াতালি হলেও কোনোভাবেই রুগ্ণ ব্যাংককে Compliance Bank-এ উন্নীত করার সঠিক কৌশল হতে পারে না। রুগ্ণ ব্যাংকগুলোকে সঠিকভাবে অডিট করে আগামী পাঁচ বছরে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬৫ থেকে ৪৫টি এবং ১০ বছর পর আবার মূল্যায়ন করে ৪৫ থেকে ২৫-এ কমিয়ে আনার রোডম্যাপ তৈরি করা দরকার। এতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো State of art মানের তদারকি করা সম্ভব হবে। এ ধরনের বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হবে বাংলাদেশের জিডিপির আকারের সঙ্গে কমবেশি সামঞ্জস্যপূর্ণ। পরিচিত মুখের দিকে তাকালে ক্ষতিগ্রস্ত হবে আর্থিক খাত । মুখ থুবড়ে পড়া অর্থনীতিতে গতিশীলতা আনতে হলে সরকারকে এই দূরদর্শী প্রোগ্রাম গ্রহণ করতে হবে।
মনে রাখা দরকার, বেসরকারি ব্যাংকে প্রশাসক বসানো এবং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে রুগ্ণ ব্যাংকের সংকট মোকাবিলায় মূল্যবান পাবলিক মানি থেকে ফান্ড ইনজেক্ট করা মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী তো বটেই; বরং এসব ব্যাংকে ঘাপটি মেরে বসে থাকা দুষ্ট ও অদক্ষ লোকদের লালন-পালনের একধরনের পশ্চাৎপদ চিন্তাধারা।
বিনিয়োগ ও উৎপাদন খাতে স্থবিরতা : ‘লো লেভেল গ্রোথ ট্র্যাপ’
ব্যাংক খাতের এই চরম তারল্য সংকট (Low Level Liquidity Trap) ও লাগামহীন খেলাপি ঋণের কারণে দেশের বিনিয়োগ, বিশেষ করে বড় বড় প্রকল্পে ঋণ, শিল্প উৎপাদন, নতুন কর্মসংস্থান এবং রপ্তানি খাত আজ পুরোপুরি থমকে গেছে। ব্যাংকগুলোতে নগদ অর্থের তীব্র সংকটের কারণে ব্যবসায়ীরা সময়মতো ঋণ পাচ্ছেন না, এলসি খুলতে পারছেন না। ফলে পুরো অর্থনীতি এক গভীর ‘লো লেভেল গ্রোথ ট্র্যাপে’ আটকে পড়েছে।
এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিতে হবে। নতুবা দেশের অর্থনীতিকে আর পুনরুজ্জীবিত করা সম্ভব নয়। অর্থনীতিবিদ ও ব্যাংক খাতের বিশেষজ্ঞদের জোরালো অভিমত হলো, ব্যাংক খাতে আমূল সংস্কার ছাড়া কোনো বিকল্প নেই।
স্থবিরতা দূর করে জনআস্থা ফেরাতে হবে এবং বিনিয়োগে উৎসাহিত করতে হবে
একটি সুস্থ, স্থিতিশীল এবং কার্যকর ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি হলো জনগণের আস্থা ও বিশ্বাস। ব্যাংক মূলত জনগণের আমানত গ্রহণ করে এবং সেই অর্থ ঋণ ও বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে প্রবাহিত করে। জনগণ যদি ব্যাংকের ওপর আস্থা হারায়, তাহলে তারা ব্যাংকে টাকা জমা রাখতে অনাগ্রহী হবে। এমনকি একযোগে আমানত তুলে নেওয়ার প্রবণতাও সৃষ্টি হতে পারে, যা ব্যাংকিং সংকট ও আর্থিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
২০২৪ সালে জুলাই বিপ্লব-পরবর্তী সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নরের অতিকথন এবং ইসলামি ধারার পাঁচটি ব্যাংক একীভূতকরণসহ কিছু পদক্ষেপের কারণে সাধারণ আমানতকারীদের মধ্যে ভয়, আতঙ্ক ও আস্থাহীনতা দেখা দেয়। এতে আমানতকারীরা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে একযোগে আমানত তুলে নেওয়ার প্রবণতা দেখান।
এ অবস্থায় ব্যাংক খাতের স্থবিরতা কাটাতে এখন সবচেয়ে জরুরি হলো আমানতকারী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দূর করা। ব্যাংক নিয়ে অনিশ্চয়তা, অনিয়মের আশঙ্কা, খেলাপি ঋণ এবং অর্থায়ন নিয়ে উদ্বেগ দেখা দিলে তা বিনিয়োগের পরিবেশকে বাধাগ্রস্ত করবে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীল অর্থনীতির বিকাশ ব্যাহত হওয়ার ঝুঁকি দেখা দেবে।
ব্যাংকিং ব্যবস্থায় জনআস্থা প্রতিষ্ঠার জন্য কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো হলো—ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার মানোন্নয়ন করা; যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ বন্ধ করা এবং ঋণ যাতে খেলাপি না হয়, সে বিষয়ে সচেতন থাকা।
উত্তরণের উপায় : যে সংস্কারগুলো জরুরি
১. ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা : দুর্বল ও রুগ্ণ ব্যাংক চিহ্নিত করে পর্যবেক্ষণে রাখতে হবে। যেসব ব্যাংকের ঘুরে দাঁড়ানো সম্ভব, সেগুলোকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। আর যেসব ব্যাংকের ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, সেগুলো অবসায়নের মাধ্যমে সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। এ প্রক্রিয়ায় দেশের বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কমিয়ে ২০ থেকে ২৫টির মধ্যে নামিয়ে আনতে হবে।
২. অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা : বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত প্রভাব সম্পূর্ণ দূর করতে হবে। কেন্দ্রীয় ব্যাংককে পূর্ণ প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে তদারকি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
৩. ব্যাংকিং কোম্পানিতে পরিবারতন্ত্র ও মাফিয়াতন্ত্র ভেঙে দিতে কঠোর আইনি সংস্কার আনতে হবে। অতীতে দেশের সফল অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের সময়কার সুদৃঢ় কোম্পানি আইন ও আর্থিক শৃঙ্খলার মডেল থেকে শিক্ষা নিয়ে আইনি কাঠামো পরিবর্তন ও যুগোপযোগী করতে হবে।
৪. সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও দূরদর্শী ব্যক্তিদের ব্যাংক খাতে সম্পৃক্ত করে নির্ভয়ে কাজ করার সুযোগ দিতে হবে। একই সঙ্গে সহজ শর্তে উৎপাদনমুখী ঋণ দিতে হবে।
৫. প্রতিটি ক্ষেত্রে সুশাসন পরিপালন নিশ্চিত করতে হবে।
৬. উদ্যোক্তা হিসেবে করপোরেট লিডার, অর্থনীতিবিদ ও পেশাগতভাবে দক্ষ ব্যক্তিদের প্রাধান্য দিতে হবে।
৭. ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে এবং প্রতিবন্ধকতা দূর করতে হবে।
৮. নতুন শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কর্মসংস্থান সৃষ্টিকারী বিনিয়োগে বিশেষভাবে নজর দিতে হবে।
৯. ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ও প্রভাবশালী মহলের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
একটি দেশ কখনো ভঙ্গুর, দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যাংক খাতের ওপর ভর করে টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। সময় এসেছে রাজনৈতিক পক্ষপাত ও ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে কঠোরভাবে আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার। দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির স্বার্থে অবিলম্বে ব্যাংক খাতে সাহসী ও ইতিবাচক চিন্তাভাবনার কোনো বিকল্প নেই।
লেখক : শিল্প উদ্যোক্তা, চেয়ারম্যান, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও সাবেক চেয়ারম্যান, এনসিমস ব্যাংক
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



