ঝুঁকিতে কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালত

ঝুঁকিতে কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালত
ছবি: সংগৃহীত

আইন ও বিচারব্যবস্থার মূল উদ্দেশ্য মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু ন্যায়বিচারের স্থানটিই যদি প্রাণনাশের ফাঁদে পরিণত হয়, তবে তা চরম ট্র্যাজেডি। ঠিক এমনই এক আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি কক্সবাজার আদালতপাড়া। বিচারপ্রার্থী, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কাজ করছেন।

বিজ্ঞাপন

কক্সবাজারের সাত দশকের পুরোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি এখন জরাজীর্ণ। ভবনের কলাম, পিলার ও ছাদে প্রকট ফাটল দেখা দিয়েছে। সামুদ্রিক নোনা বাতাসে ভেতরের রডগুলোয় মারাত্মক জং ধরেছে। ফলে কাঠামোগত শক্তি একেবারেই ক্ষয়ে গেছে। ছাদ থেকে প্রতিনিয়ত খসে পড়ছে সিমেন্ট ও পলেস্তারা। প্রতিদিন এই ভবনে প্রবেশ করা যেন জীবন বাজি রাখার শামিল।

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী, কক্সবাজার সিসমিক জোন ৩-এর অন্তর্ভুক্ত। অর্থাৎ, এটি অত্যন্ত উচ্চ ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এলাকা। সম্প্রতি পার্শ্ববর্তী মিয়ানমার ও পার্বত্য অঞ্চলে একাধিক মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মাঝারি এক ঝাঁকুনিতেই প্রায় ৭০ বছরের পুরোনো এই ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে।

২০২৩ সাল থেকে 'জুডিশিয়াল কমপ্লেক্স' নির্মাণের প্রক্রিয়া শুরু হলেও তা কাগজপত্রে সীমাবদ্ধ। কিছু সুবিধাভোগীর বিরোধিতা ও আমলাতান্ত্রিক জটিলতায় ফাইলবন্দি হয়ে আছে।

জেলা আইনজীবী সমিতির সদস্য ও সাধারণ বিচারপ্রার্থীরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। শুনানি চলাকালে কখন ছাদ ধসে পড়ে-এই আতঙ্কে বিচারিক পরিবেশ ব্যাহত হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষেরা আদালতে ঢুকতে ভয় পাচ্ছেন। ভয়াবহ বিপর্যয় ঘটার আগেই অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি। কোনো দুর্ঘটনার পর দুঃখ প্রকাশ করা বা তদন্ত কমিটি গঠন প্রকৃত সমাধান নয়। প্রতিকারের চেয়ে প্রতিরোধই সর্বোত্তম নীতি। কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতে বড় কোনো ট্র্যাজেডি ঘটার আগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বিচারালয় যেন মানুষের সুরক্ষার প্রতীক হয়, কোনো দুর্ঘটনার কেন্দ্রবিন্দু নয়। 'ধসে পড়ার আগেই জাগুক সচেতনতা'-এই আহ্বানের মূল উদ্দেশ্য কেবল একটি ভবন রক্ষা নয়; এর সঙ্গে জড়িত নাগরিকের জীবন রক্ষার মৌলিক অধিকার ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা।

লেখক: সাংবাদিক, কক্সবাজার

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...