বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ-২০২৬ নির্বাচনে সভাপতি পদে মো. সুমন হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে মো. ফজলুর রহমান বিজয়ী হয়েছেন।

শনিবার সারাদেশের বিচার বিভাগীয় কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা কমিটির তথ্যানুযায়ী, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফলে সাধারণ সম্পাদক পদে মো. ফজলুর রহমান ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী তারিক আহমেদ রিংকু পেয়েছেন ১৯৩ ভোট।

সভাপতি পদে মো. সুমন হাওলাদার ৩১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. রেজোয়ান খন্দকার পেয়েছেন ২০৪ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহীন আলম ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মো. হাফিজুল ইসলাম ৮৯, মো. আবু ছায়েদ ৯০, মো. কামাল হোসেন ১৩৩, আহসানুল কবির (স্বজন) ১৯ এবং মো. আসাদ-উদ-দৌলা (মাসুম) ৯২ ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. নাজিম উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফ উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ ফরিদ হোসেনসহ অন্যান্য কমিশনার।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান বলেন, তাদের বিজয়ী করায় তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন এবং সম্মানিত ভোটার ও সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছেন।

তারা বলেন, “এই বিজয় আমাদের একার নয়, এটি বিচার বিভাগের সঙ্গে জড়িত প্রতিটি পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ কর্মচারীর বিজয়। আপনারা যে আস্থা রেখেছেন, আমরা সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে তা রক্ষা করার চেষ্টা করব।”

তারা আরও বলেন, বিচার বিভাগীয় কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পেশাগত মানোন্নয়ন, পদোন্নতির জটিলতা দূরীকরণ এবং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তারা সবসময় কর্মচারীদের পাশে থেকে কাজ করবেন।

অতীতের সব ভেদাভেদ ভুলে এসোসিয়েশনের সব সদস্যকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ কর্মচারী পরিষদ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য বলেও জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন