৪ মার্চ ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দৈনিক আমার দেশ পাঠক মেলার এই বিশ্ববিদ্যালয়ের সদস্যরা আয়োজন করেছিলেন ইফতার মাহফিল ও আলোচনাসভা। উপস্থিত ছিলেন আমার দেশ পাঠক মেলার উপদেষ্টা ড. আতিক মুজাহিদ। রমজানের সংযমের শিক্ষাকে ধারণ করে দেশ-জাতি এবং বৃহত্তর মানবতার স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় মাহফিলে। সেই সাথে জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আমার দেশ পাঠক মেলার উপদেষ্টা ড. আতিক মুজাহিদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি রক্তিম অধ্যায় পেরিয়ে আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ জরুরি। আমাদের তরুণদেরকে সকল আধিপত্যবাদের ব্যাপারে সচেতন হয়ে দেশ ও জাতিকে নিয়ে নিত্য নতুন চিন্তা উৎপাদনে সচেষ্ট হতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে যেভাবে ফ্যাসিবাদের কালোছায়া দূর করেছে এদেশের তরুণ সমাজ; ঠিক সেভাবে ভবিষ্যতে যাতে কোন ফ্যাসিস্টের জন্ম এই বাংলার মাটিতে না হয়; তারও ভিত্তি রচনা করার দায়িত্বও তরুণদেরকেই নিতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাঠকমেলা তরুণদের বুদ্ধবৃত্তিক চর্চার নতুন এক প্ল্যাটফর্মে পরিণত হবে। পাঠকমেলার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা ব্যাপক উদ্যমে তরুণ প্রজন্মের চিন্তা সংস্কারের ব্যাপারে সচেষ্ট হবেন এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই কর্মপরিকল্পনা সাজাবেন।
আমার দেশ পাঠকমেলার আহবায়ক সাজ্জাদ হোসাইন ইউনুস বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনে দেশের মুসলমানদের উপর চালানো হয়েছে অবর্ণনীয় নির্যাতন। প্রতিটি সেক্টরে এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে মুসলিমদের ন্যুনতম ধর্মীয় স্বাধীনতা ছিলো না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই আমরা দেখেছি, নামাজ পড়া বা দাঁড়ি রাখার কারণে কত শিক্ষার্থী নির্যাতন করা হয়েছে, ট্যাগিং দিয়ে হেনস্তা করা হয়েছে তার ইয়ত্তা নেই। নতুন এক বাংলাদেশের আমরা আজ দাঁড়িয়ে আছি, এই টিএসসিতে আমরা স্বাধীনভাবে ইফতার মাহফিল করতেছি; এই আনন্দানুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সেইসাথে জুলাই বিপ্লবে নিহত হওয়া সকলের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।
পাঠক মেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক আবু নাসের সিফাত তার আলোচনায় বলেন, বাংলাদেশ এক নতুন অধ্যায়ে পদার্পণ করেছে। এর রূপকার হলেন আমাদের জুলাই বিপ্লবে নিহত হওয়া শহীদ এবং আহত হওয়া গাজীরা। যাদের অবিস্মরণীয় আত্মত্যাগের কারণে আমরা আজ মুক্তভাবে নিজেদের ক্যাম্পাসে চলাফেরা করতে পারছি। আমরা ভুলে যাইনি, গত রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুরআনপাঠ প্রোগ্রামে হামলা চালিয়েছিলো ফ্যাসিস্ট আওয়ামীলীগের পেটুয়া বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসীরা। শুধু তাই নয় ইফতার মাহফিলগুলোর আয়োজনে নগ্নভাবে বাধা প্রদান করতো এই সন্ত্রাসীরা। কিন্তু আমাদের জন্য এবারের রমজানটা একেবারেই আলাদা। দেশ থেকে বিতারিত হয়েছে ফ্যাসিস্ট, ক্যাম্পাসে বইছে মুক্ত হাওয়া। সেই মুক্ত স্বাধীন ক্যাম্পাসে আমরা নিশ্চিন্তে, নির্বিঘ্নে ইফতার মাহফিল করতে পারছি এটা আমাদের জন্য পরম পাওয়া। জুলাই গণঅভুত্থানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নিহত হওয়া সকল শহীদদের জন্য আমরা প্রার্থনা করি মহান আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন। আমার দেশ পত্রিকার মতো বাংলাদেশপন্থী এবং শুদ্ধ চিন্তার ধারক ও বাহক পত্রিকার ব্যাপক প্রচার ও প্রসারের ব্যাপারে দৃঢ় ভূমিকা রাখবে পাঠক মেলা; আমরা এই অঙ্গীকার ব্যক্ত করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

