দারুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদরাসায় অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব

দারুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদরাসায় অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব

গতকাল রবিবার, আমার দেশ পাঠকমেলার সৌজন্যে রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদরাসায় এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব- ২০২৫। উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় “দেশি ফল বেশি বল”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত হয় এ ব্যতিক্রমী উৎসব।

বিজ্ঞাপন

উৎসবে দেশি ও বিদেশি প্রায় ৪০ প্রজাতির মৌসুমী ফল প্রদর্শন করা হয়। এর মধ্যে আম, লিচু, কাঁঠাল, তরমুজ, জাম, পেয়ারা, আনারস, ড্রাগন ফল, স্ট্রবেরি, মাল্টা, কমলা, খেজুর, বেল, আঙুর, গোলাপজাম, জামরুল, ডাব,আনার, ডেউয়াসহ নানা ফল স্থান পায়। এসব ফলের রঙ, গন্ধ ও স্বাদের মাধুর্যে পুরো মাদরাসা চত্বর যেন রঙিন হয়ে ওঠে। উৎসবে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকবৃন্দসহ অন্যান্য অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উৎসব উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সুপার, ধনতোলা দাখিল মাদরাসা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রভাষক জনাব মোঃ আনসারুল হক, মুহতামিম মাওলানা হাফেজ মোঃ বেলাল আহমেদ, এবং মুহতামিম মাওলানা মোঃ নাবিদ হাসান। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোঃ ফজলুল হক, পরিচালক মাওলানা মোঃ মিজানুল হক, প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈম ত্বহা, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোঃ মহিউদ্দিন এবং মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ফলের উপকারিতা, পুষ্টিগুণ এবং স্বাস্থ্য রক্ষায় এর গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, "আমাদের দেশীয় ফল শুধু স্বাদেই নয়, গুণেও ভরপুর। শিশুকাল থেকেই এই ফলভিত্তিক খাদ্যাভ্যাস গড়ে তুললে সুস্থ ও সবল জাতি গড়ে তোলা সম্ভব।"

সার্বিকভাবে এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের প্রতি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার পরিধিকে আনন্দময় ও কার্যকর করে তুলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন