জাতিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাতিকে ভুল পথে নিতে চাইলে হাত-পায়ে ধরে অনুরোধ করা হবে, তবুও যদি সঠিক পথে না আসেন, তবে ঘাড় ধরতে এক চুল পরিমাণও হাত কাঁপবে না। সরকার তার যাত্রার শুরুতে ছয় মিনিট অতিক্রান্ত হওয়ার আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পবিত্র কোরআনের সুরা ইবরাহিমের ৪৫ নম্বর আয়াতের প্রসঙ্গ টেনে মাওলানা মামুনুল হক বলেন, অতীতে যারা জুলুম করেছিল, তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চট্টগ্রাম অভিমুখী এই লংমার্চের সূচনা পর্ব থেকে সরকারপ্রধানকে কোরআনের ভাষায় সতর্ক করে তিনি বলেন, সময় থাকতে সতর্ক না হলে নির্ধারিত পরিণাম থেকে রক্ষা পাওয়া যাবে না।
সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি তুলে ধরে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম অভিমুখে এই প্রথম লংমার্চের পর পর্যায়ক্রমে আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট মহানগর অভিমুখে লংমার্চ পালিত হবে। এছাড়া সবশেষে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১১ দলীয় জোটের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


