মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থান এক নয়, তবে অদ্ভুত মিল আছে: মঞ্জু

মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থান এক নয়, তবে অদ্ভুত মিল আছে: মঞ্জু

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান এক না হলেও দুটোর মধ্যে মিল রয়েছে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার সকাল ১০টায় নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

বিজ্ঞাপন

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ২৪-এর আকাঙ্ক্ষা ছিল সাম্যের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। ঠিক যে কারণে একাত্তরে আমাদের যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হয়েছে।

তিনি বলেন, একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা ও মুক্তির লড়াই। আর ২০২৪-এর গণঅভ্যুত্থান ছিল সেই মুক্তির অন্তরায়গুলো দূরীকরণের সংগ্রাম। সেজন্য এই গণঅভ্যুত্থানকে বাংলাদেশ ২.০ বলা হচ্ছে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধ এক নয়, তবে উভয়ের মধ্যে অপরূপ মিল রয়েছে। দুই ক্ষেত্রেই হানাদারেরা নৃশংস গণহত্যা চালিয়েছে এবং তারপরই মানুষ রাজপথে নেমে এসেছে। ৭১-এ হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল কিন্তু ২৪-এর হানাদারেরা আত্মসমর্পণ না করে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, সামনের বাংলাদেশে বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের চ্যালেঞ্জ। তার চেয়েও বড় চ্যালেঞ্জ দেশকে স্থিতিশীল রাখা। এতসব চ্যালেঞ্জ থাকলেও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি মুক্তির মঞ্জিলে পৌঁছানো সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে স্বপ্ন পূরণ না হওয়াতেই ২৪-এর গণঅভ্যুত্থান অপরিহার্য হয়ে পড়ে। যে প্রত্যাশা তরুণরা সৃষ্টি করেছে সেটি নিভে যাওয়ার মতো নয়। এ সময় সংস্কারবিহীন নির্বাচন অর্থবহ হবে না বলে মন্তব্য করে গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন