‘আমি ভাঙিনি, কারণ আমার লড়াই ভয়কে জয় করার জন্য’

‘আমি ভাঙিনি, কারণ আমার লড়াই ভয়কে জয় করার জন্য’
নাসীরুদ্দীন পাটওয়ারী

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। দীর্ঘ এই পথচলায় নানা প্রতিকূলতা ও সংগ্রামের কথা স্মরণ করে তিনি অন্যায়ের কাছে মাথা নত না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্ট্যাটাসের শুরুতেই নিজের দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে পাটওয়ারী লেখেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই আজকের নয়; বরং এই পথে তাকে অনেকটা পথ প্রায় একাই হাঁটতে হয়েছে। এই লড়াই তাকে নানা অর্জনের পাশাপাশি হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি ও মিথ্যা অপবাদের মুখোমুখি করেছে।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, মিডিয়ার সামনে কথা বলায় তাকে আক্রমণের শিকার হতে হয়েছে, তার বিরুদ্ধে একের পর এক মিছিল ও অপপ্রচার চালানো হয়েছে এবং একজন মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলার মতো বহু কথা তাকে শুনতে হয়েছে।

সব বাধা-বিপত্তি পেরিয়ে ভেঙে না পড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমার লড়াই ভয়কে জয় করার জন্য। আমার লড়াই এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকার বড়।’

চারপাশের মানুষের প্রশ্ন এবং সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টার সময়ে তিনি সবসময় আল্লাহর সাহায্য চেয়েছেন উল্লেখ করে বলেন, তিনি দোয়া করেছেন যেন আল্লাহ সত্য প্রকাশ করে দেন, মিথ্যা দূর করেন, জালিমদের জুলুমের অবসান ঘটান এবং তাকে সত্যের পথে অটল থাকার শক্তি দেন।

সময় সবকিছু মনে রাখে উল্লেখ করে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষ সবকিছু ভুলে গেলেও ইতিহাস ভুলে যায় না। সত্যকে কিছুদিন চাপা দেওয়া গেলেও তা চিরদিনের জন্য ঢাকা যায় না এবং অন্যায়ও চিরস্থায়ী হতে পারে না।

তিনি স্পষ্ট করে জানান, তার কোনো প্রতিশোধের স্পৃহা নেই; তিনি কেবল ন্যায়বিচার চান এবং মানুষের মর্যাদা ফিরে পেতে দেখতে চান। তার ভাষায়, ‘আমার সবচেয়ে বড় শক্তি কোনো পদ, ক্ষমতা বা শান-শওকত নয়। আমার শক্তি হলো মানুষের আস্থা, সত্যের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা।’

যারা বিভিন্ন সময় অপমান সহ্য করেও মাথা নত করেননি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এই লড়াইকে তাদের সবার লড়াই বলে অভিহিত করেন তিনি। শেষ পর্যন্ত সত্যের কাছেই সবাইকে ফিরে আসতে হয় উল্লেখ করে তিনি আল্লাহর দরবারে সত্যের প্রতিষ্ঠা, মিথ্যার পরাজয় এবং জুলুমের অবসান চেয়ে নিজের লেখাটি শেষ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...