আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর

আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের শতাধিক রাজনৈতিক দল আছে। সবাই সভা-সেমিনারে দেশপ্রেমের বয়ান দিয়ে আসছে; অথচ দেশের ক্রান্তিকালে কখনোই তারা দেশপ্রেমের চিন্তায় জয়ী হতে পারেনি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে কেউ দলীয় ব্যানারে বা দলীয় বক্তৃতায়ও সরাসরি আন্দোলন-সংগ্রামের দিনগুলোতে সামনে আসতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা ও কাজের মিল রেখে আন্দোলনে সবসময় সক্রিয় ভূমিকা রেখেছে। জুলাই অভ্যুত্থানের দিনগুলোই জ্বলন্ত স্বাক্ষী। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তি।

বিজ্ঞাপন

তিনি শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের ‘নগর সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন নগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ আবদুল কাইয়ূম।

চরমোনাই পীর আরও বলেন, স্বাধীনতার পর থেকে যারাই দেশের শাসনব্যবস্থা পরিচালনা করেছে, তাদের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়নি। বরং বারবার এ দেশের মানুষকে রক্তের বিনিময়ে তাদের ক্ষমতাচ্যুত করতে হয়েছে। জাতি হিসেবে এগুলো কলঙ্কজনক অধ্যায়। বিশ্বের বুকে দুর্নীতির মতো ঘৃণিত বিষয়ে চ্যাম্পিয়ন হতে হচ্ছে। দেশের মানুষ এখন মুক্তি চায়। এ দেশের মানুষ কোরআনের শাসন দেখতে চায়। এ দেশের মানুষ আর ভারত বা আমেরিকার গোলাম হয়ে থাকতে চায় না।

নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান, কেন্দ্রীয় সদস্য মুফতি কেফায়াতুল্লাহ কাশফী প্রমুখ।

পরে চরমোনাই পীর দলের ঢাকা মহানগর দক্ষিণের নতুন সেশনের কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আনোয়ার হোসেন, এমএইচ মোস্তফা, আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা আব্দুর রাজ্জাক এবং সেক্রেটারি হয়েছেন কেএম শরীয়াতুল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন