তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
রোববার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে জামায়াত আমিরকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সংগঠনের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।
গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন ডা. শফিকুর রহমান।
তুরস্কে অবস্থানকালে গত ৮ অক্টোবর তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন। এ সময় স্পিকারের সঙ্গে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরদিন ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোনো সাম্প্রতিক বিষয় নয়; তুরস্কের জনগণের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক আগামীতে আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।’
সম্মেলনে অংশগ্রহণ শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন এবং সেখান থেকে রোববার সকালে দেশে প্রত্যাবর্তন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


