ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার ছয় মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানেও স্থিতিশীলতা ফেরেনি। অরাজকতা, বিশৃঙ্খলা, খুন-ধর্ষণ ও মব সন্ত্রাসে জনগণের জানমালের নিরাপত্তাকে দুর্বিষহ করে তুলেছে। এককথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে এ সরকার। তাই এসবের দায় তাদেরই নিতে হবে।
রোববার দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বরের উত্তর ইবরাহিমপুর দরুল উলুম মাদরাসা মাঠে বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
আমিনুল বলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই। কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখন পর্যন্ত স্বৈরাচারের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে তারা। এছাড়া মব জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নিচ্ছে একটি গোষ্ঠী। গণতান্ত্রিক দেশে আমরা এটি সমর্থন করি না।
তিনি বলেন, বিএনপির নাম ও নির্বাচনের কথা শুনলে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার গায়ে জ্বালা ধরে। তারা কেন যেন নির্বাচনকে মেনে নিতে পারেন না। অথচ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সরকার ফেরাতে ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপি।
কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আকরামুল হক আকরামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, তারিকুল আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

