বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনার জন্য সাধারণ মানুষ শাস্তি পেতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, আর এক দফা বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশের স্বল্প আয়ের সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে, এখন বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে দেবে।
বুধবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বাজেটের আগে তড়িঘড়ি করে আবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী আখ্যায়িত করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি ও ভোক্তাপর্যায়ে বাজেটের আগে এই মূল্যবৃদ্ধির যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি। জ্বালানি ও বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা কমিয়ে আনতে পারলে এখন বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না।
বিবৃতিতে তিনি প্রশ্ন করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে এসব চুরি-দুর্নীতির জন্য সাধারণ মানুষ কেন শাস্তি পাবে?
অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান সাইফুল হক। তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিইআরসির গণশুনানিকে লোকদেখানো তামাশায় পরিণত করেছে। তাদের কাজ হচ্ছে সরকারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জায়েজ করা।
তিনি বিইআরসির বিদ্যমান আইনের পরিবর্তন করারও আহ্বান জানান, যাতে বিদ্যুতের দাম কমানোর ব্যাপারেও তারা সরকারকে সুপারিশ করতে পারে। এ ছাড়া আগামী জাতীয় বাজেট প্রস্তাবনায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দসহ সামগ্রিক পরিকল্পনা পেশ করার দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

