জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ব্লু স্কাই পরিদর্শন করেন। পরিদর্শনকালে, ডা. জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এসময়, তিনি স্কুলে পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ স্কুলের শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রম, থেরাপি সুবিধা, মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন।
ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির ও আদার্স' উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব এর সভাপতি সালেহা খান।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার-এর সভানেত্রী ও সহ-সভানেত্রীবৃন্দসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একজন সিস্টার/ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়ে ২০২১ সাল থেকে অদ্যাবধি বহু সংখ্যক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মূলধারার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে। এছাড়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা কার্যক্রমের আওতায় ইতোমধ্যে কিছু সংখ্যক শিশুকে সহকারী থেরাপিস্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


