গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন,‘জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। কিন্তু অনেক দল, যারা মনে করে ক্ষমতায় যেতে পারে, তারা তো কিছুই মানতে চায় না। বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত।’
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন (২০১৮-২০২৪) শীর্ষক আলোচনা সভার তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন,গত কয়েকদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা আওয়ামী-লীগের নিষিদ্ধের বিষয়ে যা বলছেন তা দুঃখজনক। আওয়ামীলীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্যে আমরা হতাশ। সবাই আপস করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপস করবে না। অনেকেই আবার জাতীয় পার্টিকে ফেরানোর কথা বলছে। আমরা স্পষ্ট বলছি জাতীয় পার্টি, আওয়ামী-লীগের দোসর ১৪ দলের প্রশ্নে আমরা কোন আপোষ করবো না। এই প্রশ্নে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টা কাউকেই ছাড় দেয়া হবে না।
এসময় দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার কৃতিত্ব স্বীকার করতে হবে। সবার মধ্যে একতা ধরে রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হলেই আওয়ামী লীগ ফিরে আসবে। আর হাসিনা যদি ফিরে আসে, তবে সকল বিপ্লবীদের ফাঁসিতে ঝুলাবে। তাই আসুন,সবার মধ্যে ঐক্য সৃষ্টি করি। নিজেদের মধ্যে সহনশীলতা ছাড়া সেই ঐক্য সম্ভবপর নয়। ঐক্য কেউ একলা চাইলে হবেনা, সবার আন্তরিকতা থাকতে হবে। তাহলেই নতুন বাংলাদেশ গঠন করা সম্ভবপর হবে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

