হবিগঞ্জে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী উদ্বেগ জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভিপ্রায় জাগ্রত হয়েছে তার সাথে এ ধরনের অসহিষ্ণু রাজনৈতিক আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।
জমিয়ত নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত না হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে না। আর রাজনীতিতে গুণগত পরিবর্তন না হলে কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। এই জন্য রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে হলে বিদ্যমান সকল রাজনৈতিক পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। একদিকে অসৌজন্যমূলক ও উস্কানিমূলক আচরণ পরিহার করতে হবে, অপরদিকে সহিংস প্রতিক্রিয়ার পথ এড়িয়ে চলতে হবে সকল পক্ষকেই।
নেতৃদ্বয় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সকল পক্ষকেই এ ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিশেষত ক্ষমতাসীনদের সবচেয়ে বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। কারো উস্কানিতে সুযোগসন্ধানী গোষ্ঠী যেন দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পায়, এটি নিশ্চিত করতে হবে ক্ষমতাসীনদেরই।
এর পাশাপাশি জমিয়ত নেতৃদ্বয় প্রশাসনকেও সতর্ক করে বলেন, রাজনৈতিক সহিংসতা রোধে প্রশাসনকে আরও সতর্ক ও কঠোর ভূমিকা পালন করতে হবে। কোনো ক্ষেত্রে উত্তেজনা বা বিশৃঙ্খলার পূর্বাভাস থাকলে সেখানে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় যেকোনো সংঘাত ও বিশৃঙ্খলার দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।
নেতৃদ্বয় সকল পক্ষকে সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


