জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তিত বাংলাদেশে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এই ভোটের পরে আরেকটি পরিবর্তিত বাংলাদেশ মানুষ উপহার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে হাসিমুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আরেকটা পরিবর্তিত বাংলাদেশ, ইনশাআল্লাহ এই জাতি উপহার পাবে।’
বৃহস্পতিবার সকালে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর এই কথা বলেন তিনি।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আঠারো সালে আমি এখানে নির্বাচনে প্রার্থী ছিলাম। এই কেন্দ্রে আমি ভোটার ছিলাম কিন্তু আমাকে ফোনে বলা হয়েছিল যে আপনি ভোট দিতে আসবেন না, আসলে আপনাকে গ্রেপ্তার করা হবে।’
তিনি বলেন, ‘আজকে সেই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, মানুষ হাসিমুখে ভোট দিচ্ছে।’
এ সময় ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিচ্ছি, এখন তো আমি কোনো শঙ্কা দেখছি না।’
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশের সঙ্গে খুলনার ছয়টি আসনেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ভোট গ্রহণ শুরু হয়। উৎসবের আমেজে ভোট দিচ্ছেন ভোটাররা।
তারপর থেকেই খুলনার প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। নারী ভোটারদের উপস্থিতিও লক্ষ্যনীয়। প্রবীণ ভোটারদের সঙ্গে ভোট দিতে এসেছেন তরুণ ভোটাররাও।
সকাল ৭টায় পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে দীর্ঘ সারিতে অপেক্ষায় রয়েছেন অনেকে।
কেন্দ্রের ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন। অদূরেই সেনাবাহিনীর টহল দল চোখে পড়ে।
পরে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে ঢুকতে দেওয়া ভোটারদের। শুরু হয় ভোট গ্রহণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


রাজশাহী-৫ আসনে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
‘ভোটের মাঠে ওসমান হাদিকে মনে পড়ছে’