ধীরে ধীরে মাদ্রাসার শিক্ষকদের (সবাই নয়) বিষয়ে সমাজে নেতিবাচক ধারণার জন্ম হচ্ছে। গুটি কয়েক ব্যক্তির কারণে এ ধরনের নেতিবাচক ধারণা ছড়াচ্ছে। বিষয়টি আত্মসমালোচনা হিসেবে গ্রহণ করে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া দরকার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও আইনবিষয়ক প্রতিষ্ঠান ‘ল ল্যাব’-এর হেড অব চেম্বারস অ্যাডভোকেট শিশির মনির এসব কথা লিখেছেন।
বিডিআর মামলা নিয়ে তিনি লেখেন, ‘বিডিআর মামলা। ১৫২ জনের ফাঁসি এবং ১৫১ জনের যাবজ্জীবন। রাষ্ট্র কি এই মামলাটি গুরুত্বপূর্ণ মনে করে না? মনে করলে অন্যগুলির সাথে দ্রুত শুনানির আবেদন করেনি কেন?’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি লেখেন, ‘আসছে স্থানীয় সরকার [ইউনিয়ন ও অন্যান্য] নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিন। এনআইডি করার পদ্ধতি সহজ করে দিন। একটু দ্রুত করুন প্লিজ।’
পাচার হওয়া অর্থের ব্যাপারে তিনি লেখেন, ‘শ্বেতপত্র অনুযায়ী প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকার জব্দ করার পদক্ষেপ নিয়েছে। কিছু সম্পদ জব্দও করেছে। বর্তমান সরকারের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


