বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ধর্ম নিয়ে ভণ্ডামি ও রাজনৈতিক ব্যবসা জামায়াত নয়, বরং বিএনপিই করে।
বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বা মিথ্যা বলি। অথচ দেশবাসী ভালো করেই জানেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, আদর্শিক ও প্রকাশ্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আমরা ধর্ম নিয়ে কখনো কোনো ধরনের হীন ব্যবসা বা চাতুরীর আশ্রয় নিই না।”
তিনি আরও বলেন, “বরং ধর্ম নিয়ে প্রকৃত ব্যবসা ও ভণ্ডামি করে বিএনপি নিজেই। সারা বছর তাদের বড় বড় নেতাদের নামাজের কোনো খবর থাকে না, অথচ নির্বাচন ঘনিয়ে আসলেই তাদের গায়ে পায়জামা-পাঞ্জাবি, মাথায় টুপি ও হাতে তসবিহ দেখা যায়। আতর মেখে মসজিদে ঢুকতেও দেখা যায়।”
বিএনপির বিরুদ্ধে ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ এনে তিনি বলেন, “জনগণের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার এই সস্তা ও ভণ্ডামিপূর্ণ রাজনীতি বিএনপির জন্যই বেশি প্রযোজ্য, জামায়াতের নয়।”
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে সবসময় নীতিনিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করে এবং সত্য, সততা ও জনকল্যাণমূলক আদর্শকে সামনে রেখেই রাজনীতি করে আসছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


