ইসলামী আন্দোলনের বিবৃতি

মুফতি ফয়জুলকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে

মুফতি ফয়জুলকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে

ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে সম্পৃক্ত করে প্রকৃত অপরাধী আড়ালের অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান রাহবার মুফতি ফয়জুল করীমকে বিতর্কিত করার একটি সম্মিলিত প্রচেষ্টা চলছে। সিলেটের ভোলাগঞ্জ থেকে পাথর চুরি করলো বিএনপির স্থানীয় নেতারা। কিন্তু একটি নীতিগত অবস্থান ব্যক্ত করায় মুফতি ফয়জুল করীমকে লক্ষ্য করে সমালোচনার বৃত্ত তৈরি করা হচ্ছে।

বিজ্ঞাপন

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রায় বছরখানেক আগে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এক মতবিনিময় সভায় ভোলাগঞ্জের পাথর নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি স্পষ্ট করে অন্তর্বর্তী সরকারের কাছে পাথর উত্তোলনের অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছেন এবং পরিবেশ রক্ষার কথা বলেছেন। পাথর একটি অর্থকরী প্রাকৃতিক সম্পদ হওয়ায় তার “নিয়ন্ত্রিত উত্তোলন” হতে হবে। অনিয়ন্ত্রিত উত্তোলনের মাধ্যমে পরিবেশ ধ্বংস করা যাবে না, আবার উত্তোলন বন্ধ করে স্থানীয় মানুষের কর্মসংস্থান নষ্ট্ করা যাবে না।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার স্থানীয় মানুষের রুটি-রুজির বিষয়টি বিবেচনা না করে পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ করে দেয়। যার আর্থ-সামাজিক ও প্রাকৃতিক বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। সেই বিবেচনায় মুফতি ফয়জুল করীম সরকারের কাছে একটি নীতিমালাল ভিত্তিতে পাথর উত্তোলনের জন্য অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন, একই সঙ্গে স্পষ্ট করে পরিবেশ রক্ষার তাকিদও প্রদান করেছেন। তার এই অবস্থান নীতিগতভাবে এবং আইনগতভাবে সম্পূর্ণ বৈধ; বরং জরুরি। তার এই যথার্থ বক্তব্যকে কাটছাঁট করে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং প্রকৃত অপরাধীকে আড়াল করার অপচেষ্টা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বলেন, অনুমতি দিয়ে সরকারের নজরদারির মধ্যে পাথর উত্তোলন করতে দিলে পরিবেশের এই বিপর্যয় হতো না। স্থানীয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হতো। কিন্তু তা না করে একদল দখলবাজ অসৎ রাজনীতিবিদদের পাথর লুট করার সুযোগ দেয়া হয়েছে। পাথর লুট করার এই দায় একান্তভাবেই প্রশাসনের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন