দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী
আমার দেশ গ্রাফিক্স

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে এসে দিল্লির দাসত্ব করার জন্য হয়েছিল? মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করতেন। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনাসহ তার পরিবার পাকিস্তানের ভাতা খেয়েছে। মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো অবদান নেই। পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য শেখ মুজিব একের পর এক বৈঠক করেছিলেন।’

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনা লুটের টাকায় কিশোর গ্যাং ব্যবহার করে দেশে আগুনসন্ত্রাস, বোমাবাজি ও হত্যাকাণ্ড চালাচ্ছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ফের রক্তের নেশায় মত্ত হয়েছেন শেখ হাসিনা। লুটের টাকায় কিশোর গ্যাংকে দিয়ে বাসে আগুন, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভারত সীমান্তে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বাবার তৈরি করা বাকশাল পুনরুজ্জীবিত করেছিলেন শেখ হাসিনা। পিতার পথ অনুসরণ করেই তিনি গুম-খুন শুরু করেছিলেন। ছাত্র-জনতার ধাওয়ার মুখে দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনার সমর্থনে দেশে একটি মিছিলও হয়নি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন