রাজধানীতে ডিবির অভিযানে ৫ আ. লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে ডিবির অভিযানে ৫ আ. লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, ৬৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং মুজাহিদনগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমান ও তুরাগ থানার ৫৩নং ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি ডিবির বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে মোহাম্মদ বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। ওই দিন রাত সাড়ে ১১টায় ধানমন্ডি এলাকা থেকে আব্দুল মালেক আল মামুনকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।

অন্যদিকে, মঙ্গলবার রাত পৌনে ১২টায় পাইকপাড়া এলাকা থেকে শফিকুল ইসলাম লিংকনকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি দল। একই দিন রাতে চকবাজার এলাকা থেকে হাজী লুৎফর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি দল।

ডিবি ওয়ারী বিভাগের অপর এক টিম মঙ্গলবার দিয়াবাড়ি এলাকা থেকে মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন