সরকারকে গণঅধিকার পরিষদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার

সরকারকে গণঅধিকার পরিষদের আল্টিমেটাম

জুলাই-আগস্টে দেশে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকার কী ব্যবস্থা নেয় তা জানতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিল গণঅধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে।’

বুধবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই ঢাকা জেলা গণঅধিকার পরিষদের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ যে পাপ করেছে, ওরা কোনো ক্ষমা পেতে পারে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। গণঅধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে সোচ্চার। কিন্তু সরকারের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। ৪৮ ঘণ্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সমালোচনায় রাশেদ খাঁন বলেন, ‘সরকারের অযোগ্য উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্রসংস্কার সম্ভবপর নয়। রাষ্ট্রসংস্কার করতে বিপ্লবী উপদেষ্টা দরকার। কিন্তু এই উপদেষ্টাদের অধিকাংশই সুশীল। তাই তাদের কাছে রাষ্ট্রসংস্কার প্রত্যাশা করি না। ইতোমধ্যে তাদের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে।’

এসময় উপদেষ্টাদের আর্থিক হিসাব জনসম্মুখে পেশ করার আহ্বান জানান তিনি।

সরকারের সহযোগিতায় কোনো রাজনৈতিক দল গঠন করা হলে তা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন রাশেদ। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনা এককভাবে দখল করে সরকারের সহযোগিতায় কিংস পার্টি জনগণ মানবে না। দল গঠন করতে চাইলে উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। কিন্তু আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের আগে পদত্যাগ জনগণ মানবে না। এসব করলে জাতি বিশাল সংকটে পড়বে।’

সারা দেশের গুরুত্বপূর্ণ নানা দপ্তরের কমিটিতে একজন করে ছাত্র প্রতিনিধি দেওয়া হচ্ছে। রাশেদের প্রশ্ন রেখে বলেন, ‘কমিটিতে ছাত্রদের কাজ কী? সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের খবরদারি খারাপ বার্তা দিচ্ছে। সরকারে কে কোথায় বসবে, এগুলো যদি ছাত্ররা ঠিক করে, তাহলে তাদের সম্পর্কে ভুল মেসেজ যাবে।’

গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, ঢাকা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান, সহ-সভাপতি আবদুর রহমান, জাফর মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ নুরুল করিম শাকিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন