জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ক্ষমতাসীন দল বিএনপির প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। অথচ গত পাঁচ মাসে কর্মসংস্থান সৃষ্টির নামে নিজ দলের কর্মীদের জন্য কেবল চাঁদাবাজির ব্যবস্থা করেছেন।
শুক্রবার বিকালে জাতীয় যুবশক্তির আয়োজনে 'জুলাই যুব কনভেনশন-২০২৬' এ সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তারিকুল ইসলাম বলেন, তরুণ যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ না নিলে আগামীতে এনসিপি ৪০ লাখ বেকারকে নিয়ে মাঠে নামবে এবং আপনাদের পতন ঘটাবে। আপনাদের পতনের মাধ্যমে যদি শেখ হাসিনা ফিরে আসে সেই দায়ও আপনাদেরই নিতে হবে।
এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির সভাপতি বলেন, বিএনপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার দায় আমাদের না। তাদের সুস্থ রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করেই ক্ষমতায় টিকে থাকতে হবে।
তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নামে একটা ফেসবুক পেজ আছে। গত ছয় মাসে এই পেজ থেকে যুবকদের কর্মসংস্থান সৃষ্টির একটা খবরও পোস্ট করা হয় নাই।
তারিকুল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আরও বলেন, বিএনপি যুব কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে গাড়ির পেছনে দৌড়ানোর কর্মসংস্থান সৃষ্টি করছে। বিএনপি চায় সবাই রবিউল ইসলাম নয়নের মতো হোক, সবাই রাশেদ খানের মতো হোক। তাহলে তিনি কর্মসংস্থান করবেন।
দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স আইইবি মিলনায়তনে আয়োজিত এ যুব কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নারী শক্তির আহবায়ক মনিরা শারমিনসহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

