আমির হামজার পরিবারের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের

স্টাফ রিপোর্টার

আমির হামজার পরিবারের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদাহ বাজারে কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার ও আত্মীয়-স্বজনদের ওপর একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসীর বর্বরোচিত ও অনভিপ্রেত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে গত ১ জুন আসরের নামাজের সময় হাসাদাহ বাজারে যেভাবে একজন সংসদ সদস্যের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। এই হামলায় দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি ও এমপির শ্যালক আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন। এমনকি নারী সদস্যদের সঙ্গেও চরম অশোভন আচরণ ও গালমন্দ করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, প্রকাশ্য দিবালোকে উক্ত এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনসহ চিহ্নিত ব্যক্তিরা এই হামলা চালিয়ে সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। একজন জনপ্রতিনিধির পরিবারই যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেকেছে, তা সহজেই অনুমেয়।

তিনি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত মূল হোতা মোস্তাক, শাহরিয়ার ও রিমনসহ সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন অ্যাডভোকেট জুবায়ের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন