সম্প্রতি দেশব্যাপী নারী ও শিশুদের প্রতি সহিংসতা ক্রমাগত বাড়ছে যা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 'অদম্য নারী, শক্তিতে অজেয়' প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শ্রেণী-পেশার সংগ্রামী নারী এবং জুলাইয়ের নারী শহীদ ও আন্দোলনকারীদের প্রতি বিশেষ সম্মান প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বই মেলা, নারী উদ্যোক্তাদের স্টল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বক্তব্য প্রদানকালে দেশব্যাপী নারী ও শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, এই পরিস্থিতির উন্নতি না ঘটলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এ সকল অপকর্মের সাথে কোনো পতিত ফ্যাসিবাদী শক্তি জড়িত কিনা তাও খুঁজে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিচারহীনতার সংস্কৃতি ছিল। দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় আওয়ামী ফ্যাসিবাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সর্বত্রই নারীদের গৌরবোজ্জ্বল অংশগ্রহণ ছিল। গত জুলাইয়ের আন্দোলনও তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাই সংসদীয় ব্যবস্থাসহ সবক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, নারীরা সকল সংগ্রামে সামনে থেকেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রতিশ্রুতি আছে যে নারী ও সমাজের অন্যান্যদের ক্ষমতায়ন করা হবে। সমাজের সর্বক্ষেত্রে এবং এই ক্ষমতায়নের হার পূর্বের চেয়ে বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, জুলাই বিপ্লবে ছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদেরকে মূল্যায়ন করা হয়নি। সবক্ষেত্রে নারীদের নির্যাতন করা হচ্ছে। মব জাস্টিস হচ্ছে। এই বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করে সেলিমা রহমান বলেন, বিএনপি সব সময় নারীবান্ধব দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছেন। এসময় তিনি নারীদেরকে সরাসরি নির্বাচনে বেশি অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, এরশাদবিরোধী আন্দোলনে সবার আগে কারফিউ ভেঙেছিল নারীরা৷ নারী দিবসের এই দিন স্মরণীয় হয়েছে ভোটের আন্দোলন করেছিল বলে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সেই ভোটের দাবি করছি। আজকের এই দিনে এটাই আমাদের সবার দাবি৷
অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সাবেক এমপি শিরীন সুলতানা, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্নি, শেখ হাসিনার আমলে নির্যাতনের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ঢাবির সাবেক অধ্যাপক তাজমেরী তাজমেরী এস ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

