বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে হবে: রিজভী

বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে হবে: রিজভী

বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না। এর পরিবর্তে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কোনো অবৈধ সংগঠনের দেওয়া কর্মসূচি জনগণ পরোয়া করে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা তৎপর থাকার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, পরাজিত শক্তি এখনো নানাভাবে, বিভিন্ন দিক থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, পেট্রল ছিটানো হচ্ছে, বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে এবং নানাভাবে মানুষ হত্যা করা হচ্ছে। সরকার এ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হতে হবে।

তিনি বলেন, দুষ্কৃতকারীরা কীভাবে বিভিন্ন এলাকায় গিয়ে অস্ত্রের ব্যবহার করছে, নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, অগ্নিসন্ত্রাসসহ নানা অপরাধ করছে—সেটিই প্রশ্ন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সর্বদা তৎপর না থাকে, তাহলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব—সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

বিএনপির এই নেতা বলেন, দেশের জনগণ পাড়া-মহল্লায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। কিন্তু যারা অবৈধ অস্ত্র নিয়ে মানুষের বাড়িঘরে, দলীয় কার্যালয়ে কিংবা ব্যাংকে আগুন লাগাচ্ছে, সেই সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা কেন নিষ্ক্রিয়তা দেখাচ্ছে, সেটি আজ সবার প্রশ্ন।

তিনি আরো বলেন, সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ। তাঁরা পথে পথে এসব কর্মকাণ্ড মোকাবিলা ও প্রতিরোধে প্রস্তুত রয়েছেন। তবে যারা অবৈধ অস্ত্র নিয়ে তাণ্ডব চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনতে হবে সরকার ও রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলোকে।

রিজভী বলেন, এ বিষয়ে সরকারের প্রতি অনুরোধ ও আহ্বান জানাচ্ছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন আরও তৎপর হয়। শান্তিকামী মানুষ ও সাধারণ জনগণ যাতে নিরাপত্তাবোধ করেন, সেই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সব সময় প্রস্তুত রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, দেশ স্বাভাবিকভাবে চলছে। কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠন কী বলল, তা নিয়ে প্রশ্ন করাটাই দুঃখজনক। দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে। সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডকে তাঁরা কোনো ধরনের চাপ মনে করেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...