সংকটে তরুণরা জাতিকে পথ দেখিয়েছে: যুবদল সভাপতি মুন্না

সংকটে তরুণরা জাতিকে পথ দেখিয়েছে: যুবদল সভাপতি মুন্না

ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলনসহ দেশের সকল সংকটে তরুণ প্রজন্ম জাতিকে পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির তিন সহযোগী সংগঠনের ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই তরুণরা ছিলেন অগ্রসারির শক্তি। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন কিংবা ভোটের অধিকার প্রতিষ্ঠা প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে ছিলেন তারুণ্যের সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব। সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায়, রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানেও তরুণরাই ছিলেন অগ্রণী ভূমিকায়। ইতিহাস আমাদের দেখিয়েছে, যখনই দেশ সংকটে পড়েছে, তরুণরাই এগিয়ে এসে জাতিকে পথ দেখিয়েছে। বিএনপি এই ঐতিহাসিক সত্যকে সম্মান করে এবং বিশ্বাস করে, তরুণ প্রজন্মই এই দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারক ও গণতান্ত্রিক কান্ডারি।’

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহসান বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে এককোটি তরুণের কর্মসংস্থান করবে।’

এদিকে আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশটি অনুষ্ঠিত হবে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগের দিন ২৭ মে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের ভাবনা জানতে হবে’ সেমিনার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক আহসান রাজিব, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন