যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মাওলানা ইসহাক কামাল, সিনিয়র সহসভাপতি মাওলানা সোলাইমান মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনটির ৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুব জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ কমিটি ঘোষণা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহীমুল হক। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা সুলাইমান মাদানী ও মাওলানা চৌধুরী নাসির আহমদ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘ইলমে ওহী সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রথম দায়িত্ব।’
তিনি ব্যক্তিগত জীবনে দ্বীনদারি নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতির জন্য দ্বীনের হালাল-হারাম বিসর্জন দেওয়া যাবে না এবং বাতিলের সঙ্গে আপস করা হবে না।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, যুব জমিয়ত শুধু ওলামায়ে কেরামের সংগঠন নয়। আলেমদের নেতৃত্বে ব্যবসায়ী, তরুণ ও সাধারণ দ্বীনদার মানুষকে সম্পৃক্ত করে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান।
তিনি বৈষম্য, জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে দেশে নতুন করে স্বৈরতন্ত্র ফিরে আসার আশঙ্কা নাকচ করার দাবি জানান।
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী কৃষকের সার সংকট, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন। একইসঙ্গে ২০২৪ সালের অবদান মুছে ফেলার চেষ্টা প্রতিহত করে ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা শেখ মুজিবুর রহমান।
এ ছাড়া বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী ও মাওলানা আব্দুল মালেক চৌধুরী; সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন; সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী; সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান; প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী; ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম; দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম; মাওলানা মোস্তফা মাহমুদী; ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুফতি এখলাসুর রহমান রিয়াদ এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী।
সম্মেলন ও কাউন্সিল শেষে যুব জমিয়ত বাংলাদেশের ৬১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মাওলানা ইসহাক কামালকে সভাপতি, মাওলানা সোলাইমান মাদানীকে সিনিয়র সহসভাপতি, মাওলানা চৌধুরী নাসির আহমদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আতাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


