নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ মহিলা জামায়াতের ৭ দফা দাবি

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ মহিলা জামায়াতের ৭ দফা দাবি

নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

বিজ্ঞাপন

বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা সমাজের কোথাও নিরাপদ নন। নিরাপত্তাহীনতার কারণে নির্যাতনের শিকার হওয়ার পরও অনেক নারী আইনের আশ্রয় নিতে চান না। অন্যদিকে, পর্যাপ্ত বিচারকের অভাবে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পর্যাপ্ত বিচারক নিয়োগ, বিচারপ্রার্থীদের সরকারি সহায়তা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সভাপতির বক্তব্যে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিচারকের সংখ্যা কম হওয়ায় বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। নারীরা সমাজের কোথাও নিরাপত্তা পাচ্ছেন না। এ অবস্থা থেকে উত্তরণে পর্যাপ্ত বিচারক নিয়োগ করা প্রয়োজন।

Women_Jamat

মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে নারীরা নির্যাতনের শিকার হওয়ার পরও আইনের আশ্রয় নিতে চান না। এ জন্য বিচারপ্রার্থীদের সরকারি সহায়তা প্রয়োজন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এমপি বলেন, নিরাপত্তা পাওয়ার অধিকার নারীর মৌলিক অধিকার হলেও সমাজে এটিকে অনুগ্রহ হিসেবে দেখা হয়।

ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী আখি গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধের দাবি জানান। ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা বলেন, নারীরা রাজপথ থেকে সংসদ কোথাও নিরাপদ নন। রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে পারছে না। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার নিন্দা জানান তিনি।

মানববন্ধনে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. নারী ও শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। অভিযোগ গ্রহণে অবহেলা ও ভুক্তভোগীকে হয়রানি বন্ধ করতে হবে।

২. নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের মামলার তদন্ত এবং বিচারপ্রক্রিয়া দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর করতে হবে।

৩. অপরাধীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের বাইরে রেখে আইনের আওতায় আনতে হবে।

৪. শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৫. নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৬. অনলাইন হয়রানি, হুমকি, ব্ল্যাকমেইল ও সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্যাতনের শিকার ও ঝুঁকিতে থাকা নারীদের সহায়তায় স্থানীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমীর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য নুরুন্নাহার পলি এবং মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...