বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ সফরে ছিলেন তিনি।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দেশে ফেরেন ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল সংবর্ধনা জানান।
সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয় এবং দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ ছাড়া তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিরা আমিরে জামায়াতের কর্মসূচিতে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দেশের উন্নয়নে আরো বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা তার অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে শুধু মালয়েশিয়ার সফরটি সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


