চুয়াডাঙ্গায় সদর উপজেলায় মাছের এক ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোরের মধ্যবর্তী কোনো এক সময়ে কামরিয়া বিল সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বদর উদ্দিন (৫৪) গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা এবং মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও কামরিয়া বিল সংলগ্ন এলাকায় নিজ জমি ও মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে সেখানে একটি ছোট কুঁড়ে বা বসার ঘরে অবস্থানকালে কিংবা পাহারারত অবস্থায় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ভোরে নিহতের ছেলে সুমন ঘটনাস্থলে গিয়ে বাবাকে রক্তাক্ত ও পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা এসে তার মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১০ থেকে ১২টি কোপের চিহ্ন দেখতে পায়।
দর্শনা থানার ওসি মো. ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ব্যক্তি এক সময় নিষিদ্ধ সর্বহারা বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

