প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভনে পিরোজপুরের কাউখালীতে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় আটক তিনজনকে গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আসপদ্দি গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে টাকা নেয় চক্রটি। চক্রের মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।
তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। আসপদ্দি গ্রামের ইন্দ্রজিৎ সেন ও শিউলি বেগম জানান, দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে মানুষের আস্থা অর্জন করে চক্রটি। পরে সেই আস্থাকে কাজে লাগিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা নেয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং লিখিত অভিযোগ নেন।
কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো আট থেকে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


