আড়াই যুগেও আলোর মুখ দেখেনি বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকায় প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প। দীর্ঘ ৩০ বছরেও বাস্তবায়ন হয়নি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এ স্বপ্ন। বর্তমানে প্রকল্প এলাকায় দাঁড়িয়ে আছে কিছু সীমানা পিলার ও আংশিক ভরাট করা জমি। সম্ভাবনাময় এ প্রকল্প বাস্তবায়নে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ ।
জানা গেছে, ১৯৯৬ সালে খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হলেও প্রশাসনিক জটিলতায় বারবার থমকে গেছে প্রকল্পের কাজ। সর্বশেষ ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে উদ্যোগ ও আলোচনা চললেও দৃশ্যমান অগ্রগতি হয়নি।
তবে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এবার নতুন করে আশার সঞ্চার হয়েছে। চীনা সরকারি প্রতিষ্ঠান সিএমসির বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগ এবং সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা-বাগেরহাট সফরকালে মোংলা বন্দর এলাকা পরিদর্শনের সময় বিমানবন্দর নির্মাণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। মোংলা বন্দর, মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), শিল্পকারখানা, মৎস্য ও চিংড়ি রপ্তানি এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে কেন্দ্র করে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়ছে। মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, ইপিজেডে উৎপাদিত পণ্য পরিদর্শন, বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াত এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও দ্রুত ও সহজ আকাশপথের যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, খানজাহান আলী বিমানবন্দর চালু হলে খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরাসহ বৃহত্তর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ, পর্যটন শিল্পের বিকাশ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন সম্ভাবনা তৈরি হবে।
তবে পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হওয়ায় বিমানবন্দর প্রকল্পটির প্রয়োজনীয়তা ও অগ্রাধিকার নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়। পরবর্তী সময়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী খোঁজার উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত বিনিয়োগকারী না পাওয়ায় প্রকল্পটি কার্যত স্থবির হয়ে পড়ে।
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প নিয়ে নতুন করে আশাবাদী হয়ে ওঠেছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি চীনা সরকারি প্রতিষ্ঠান সিএমসির প্রতিনিধিরা প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন। বিনিয়োগের সম্ভাবনা যাচাই করে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এ বিমানবন্দর। মোংলা বন্দর, ইপিজেড, সুন্দরবনকেন্দ্রিক ইকো-ট্যুরিজম এবং ব্লু ইকোনমিকে এগিয়ে নিতে বিমানবন্দরটি অত্যন্ত জরুরি।
বর্তমানে সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণের সক্ষমতা না থাকায় আমরা বিদেশি বিনিয়োগকারী খুঁজছি। এরই অংশ হিসেবে ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চীনা সরকারি প্রতিষ্ঠান সিএমসির প্রতিনিধি মিস্টার পিটার সরেজমিনে জায়গাটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাবনা পেলে অর্থনৈতিক কমিটি ও মন্ত্রিসভায় অনুমোদনের মাধ্যমে বর্তমান সরকারের আমলেই বিমানবন্দরটি চালু করার সর্বাত্মক চেষ্টা করা হবে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরার মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং খুলনা, মোংলা ও বাগেরহাট থেকে মাত্র ২২ কিলোমিটার দূরত্বের এ জায়গাটি বিমানবন্দর নির্মাণের জন্য সবচেয়ে উপযুক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পিত এবং বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা বিমানবন্দরটি এ অঞ্চলের গণমানুষের দীর্ঘদিনের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত উন্নয়ন ভিশন এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের প্রচেষ্টায় বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন বলেন, মোংলা বন্দর ও ইপিজেড-সংলগ্ন এ এলাকা পর্যটন এবং গোপালগঞ্জ, পিরোজপুর ও খুলনাসহ বৃহত্তর জনগোষ্ঠীর যাতায়াতসহ দক্ষিণাঞ্চলসহ দেশের অর্থনীতি অনেক এগিয়ে যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


