যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রশ্ন তুলে বলেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে কী উদ্দেশ্যে অবস্থান করছেন? কারা এই সফরের আয়োজনকারী? কার সাথে তাঁর গোপন বৈঠক হচ্ছে, তা দেশপ্রেমিক জনগণ জানতে চায়।
বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, হাসিনামার্কা দেশ বিক্রির ষড়যন্ত্র করবেন না। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাথে দেশের মাটিতে গোপন বৈঠক নতুন কোনো ষড়যন্ত্রেরই আলামত।
সোমবার রাজধানীর বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাব এলাকায় ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান দেশে কেন? দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করো’ স্লোগানে বিক্ষোভ মিছিল করে যুব জাগপা। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
যুব জাগপা সভাপতি আরও বলেন, ভারত খুনি হাসিনার মসনদ হারিয়ে এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে ব্যবহার করতে চাইছে। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করছেন, অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান আমাদের দেশের মাটিতে গোপন বৈঠক করছেন। কথাবার্তা পরিষ্কার, মুচলেকার রাজনীতি চলবে না। বাংলাদেশকে আমরা ভারতের করদ রাজ্য হতে দেব না।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহপ্রচার সম্পাদক সাইফ উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর জাগপা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, আশিকুর রহমান, কাউছার আহমেদ, জাগপা ছাত্রকাফেলার ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইমরান হাসান রাহুল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


