ছাত্রশিবিরের সাইবার বুলিংয়ের প্রতিবাদে আরো কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শিবিরের নেতাদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে তিনি বলেন, শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া আইডির’ মাধ্যমে রাজনীতি করে। তারা নারী ও রাজনৈতিক কর্মীদের চরিত্রহনন করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এই ধরনের সাইবার বুলিং বন্ধ করতে ছাত্রদল আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে।
বুধবার রাজধানীর সুপ্রিম কোর্টের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তারা এই অভিযোগ করেন।
ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং হয়রানিতে জড়িত। ছাত্রদলের নারী নেত্রী মানসুরা, ফাহমিদা এবং আরও শতাধিক নারী কর্মী নিয়মিত শিবিরের সাইবার বুলিংয়ের শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রশিবির ও জামায়াতকে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সম্প্রতি এক নারী শিক্ষার্থী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার কারণে ছাত্রশিবিরের এক গুপ্ত সদস্য তাকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে নারী রাজনৈতিক কর্মী ও শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের সদস্যরা নিয়মিতভাবে সাইবার বুলিং চালাচ্ছে।
অভিযোগ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে উপাচার্য এবং প্রক্টর, ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে অবগত থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অতীতে রাজশাহী ও চট্টগ্রামে বামপন্থী এবং রাজনৈতিক নারী কর্মীরা ছাত্রশিবিরের আক্রমণের শিকার হয়েছেন।
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরকে কোনো প্যানেলকে ভোট না দেওয়া এবং ব্যালটের মাধ্যমে পরাজিত করে ঢাাবির সম্মান রক্ষা করার জন্য সবার প্রতি আহ্বান জানান নাছির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

