খুলনায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। এ সময় শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, তরুণরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার স্বপ্ন দেখলে বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এজন্য শুধু মেধাবী হলেই হবে না, তরুণদের সৎ, দক্ষ ও নৈতিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেন তিনি।
রোববার সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে খুলনা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। অনুষ্ঠানে ক্যারিয়ার সেশন, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল, বই ও উপহার সামগ্রী দেওয়া হয়।
মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে সিবগাতুল্লাহ বলেন, প্রতিযোগিতায় নিজেদের সেরা হিসেবে তুলে ধরতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। এসএসসির পর আরও কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে, তবেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব।
দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, পর্যাপ্ত বরাদ্দ ও গবেষণার ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে অনেক শিক্ষার্থী বেকার হয়ে পড়ছেন। সিঙ্গাপুরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর দেশটি শিক্ষা, অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশে সরকারি চাকরিতে দলীয়করণের কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সমালোচনা করে ছাত্রশিবিরের এই নেতা বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা। ‘কোটা না মেধা’ স্লোগানের মাধ্যমে সেই আন্দোলন এগিয়ে গেলেও বর্তমানে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি প্রকৃত মেধাবীদের অবমূল্যায়নের শামিল বলে মন্তব্য করেন তিনি।
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে সিবগাতুল্লাহ বলেন, শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের প্রয়োজনে শহীদ আনাসের মতো আজকের মেধাবী শিক্ষার্থীদেরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইসরাফিল হোসেন। এতে জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-1446c1-720x405.webp)