কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় এক বিএনপি নেতার বিতর্কিত বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এই স্লোগান বদলে দেব। এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামে আমরা আর এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম ওয়াহিদুর রহমান মুক্ত। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিটের চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। গত বুধবার উপজেলার ১ নম্বর কাশিনগর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সম্মেলনে দেওয়া তার দুই মিনিট ১০ সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অন্যতম সমালোচিত বিষয়। বিষয়টি নিয়ে বিব্রত বোধ করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও।
ভাইরাল ভিডিওতে বিএনপি নেতা ওয়াহিদুরকে বলতে শোনা যায়, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এটা কিন্তু আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামের মাটিতে এই স্লোগান আর আমরা বাস্তবায়ন হতে দেব না। একটা স্লোগান আমি এখন দেব- আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলবেন। চৌদ্দগ্রামের স্লোগানটা এভাবে হবে- আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। কি বলছি? বিএনপিকে দেব। আমার ভোট আমি দেব, ধানের শীষে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটাই দেবেন। আর কোনো স্লোগান নাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এটা চৌদ্দগ্রামে কোনো সুযোগ নাই।’
বিতর্কিত বক্তব্যের বিষয়ে বিএনপি নেতা ওয়াহিদুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলেছি নির্বাচন কমিশন বলেছে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আমি এটাই আমাদের নেতাকরীদের বলেছি যে আমরা চৌদ্দগ্রামবাসী ঐক্যবদ্ধ । আমাদের ভোট আমরা ধানের শীষের ‘‘প্রার্থী’’ কামরুল হুদা ভাইকে দেব । আমি এটা বলেছি ।’
‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব’ এই শ্লোগান চৌদ্দগ্রামে বাস্তবায়িত হতে না দেওয়ার ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটাকে বিকৃত করা হয়েছে । আমি এমন কথা বলিনি। আমার বয়স ৫৭ । আমি এই বয়সে মিথ্যা বলব কেন?
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা বলেন, উনি এমন বক্তব্য দিয়ে থাকলে এটা তার ব্যক্তিগত বিষয় । ভুলবশত হয়তোবা এমন বক্তব্য দিয়েছেন ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির বলেন, এ ধরনের বক্তব্য খুবই দুঃখজনক বিষয় । তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত । এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে । জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনেরও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম আমার দেশকে বলেন, ‘এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি । তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব, কেন তিনি এমন কথা বলেছেন। এমন কথা বলে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

