আমার দেশ পত্রিকার প্রেসের সামনে গতরাতে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যমের প্রেসের সামনে এ ধরনের বিস্ফোরক নিক্ষেপের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সংবাদমাধ্যমের ওপর ভয়ভীতি সৃষ্টি, সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক সমাজের জন্য অশনিসংকেত। মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। কোনো সংবাদমাধ্যমের সঙ্গে মতপার্থক্য থাকলে তার জবাব দিতে হবে যুক্তি, তথ্য ও পাল্টা বক্তব্যের মাধ্যমে, ভীতি প্রদর্শনের মাধ্যমে নয়।
নেতৃদ্বয় বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে শক্তিশালী করা যায় না। বরং সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনা সংবাদকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পাশাপাশি জনমনে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে সংবাদমাধ্যমের প্রেস, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক উত্তরণ, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার স্বার্থে সব ধরনের রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তদন্তের ভিত্তিতে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সরকার, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তারা দুজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


