গণতন্ত্র এখনো আলো দেখেনি, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচন: গয়েশ্বর

গণতন্ত্র এখনো আলো দেখেনি, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচন: গয়েশ্বর

দেশে এখনো গণতন্ত্রের আলো দেখা যায়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, 'ফ্যাসিবাদ তাড়াতে পারলেও জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে। বিএনপি এখনও গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে।'

তিনি আরও বলেন, 'গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও সবসময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি।'

গয়েশ্বর বলেন, '১৭ বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে।' এ সময় জুলাই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুব মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য অপর্না রায়, আবু নাসের মো: রহমতুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের জাকির খান, এছাড়াও নারায়ণগঞ্জ জেলা, মহানগর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন