জামায়াত আমিরের শাশুড়ির জানাজা ও দাফন সম্পন্ন

জামায়াত আমিরের শাশুড়ির জানাজা ও দাফন সম্পন্ন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদের জানাজা সোমবার বাদ জোহর মোহাম্মদপুর তাজমহল রোডের মাসজিদ-ই-বাইতুল ফিরদাউসে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমার জ্যেষ্ঠ পুত্র লে. কর্নেল (অব.) মতলুব আহমেদ।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল সহ কেন্দ্রীয় ও দুই মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় শরিক হন।

বিজ্ঞাপন

জানাজা শেষে বেলা সাড়ে ৩টায় মরহুমাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টায় ৮২ বছর বয়সে আয়শা আহমাদের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

আয়শা আহমাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শোকবাণীতে তিনি বলেন, মরহুমা আয়শা আহমাদ একজন পরহেজগার ও গুণী মহিলা ছিলেন। একজন শুভাকাক্সক্ষী হিসেবে তিনি ইসলামী আন্দোলনের অনেক খেদমত করে গিয়েছেন। কোমল হৃদয় ও সদয় ব্যবহার ছিল তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি অতি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। আমি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয়-স্বজনকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন।

আয়শা আহমাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন