দীর্ঘ ৪ মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার পাশে অবস্থান করছেন নেতাকর্মীরা। আজ সকালে এমন চিত্র দেখা গেছে।

মঙ্গলবার সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা গেছে।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা আসছেন। এছাড়া ঢাকার আশপাশের জেলাসহ বিভিন্ন জেলা থেকেও দলটির নেতাকর্মীরা আসছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে। এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

