ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছে বিএনপি মন্তব্য করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার শাহজাহানপুরে নিজের বাসায় ভারতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করে তিনি বলেন, বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ। বৈঠকের প্রয়োজন আছে এবং ছিল।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, সীমান্ত হত্যা, তিস্তাবাঁধ প্রকল্প প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকের পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন জানিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, আমি না জেনে কিছু বলতে পারব না।
যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আপনার মুখ থেকে শুনলাম, নেহাতই গুরুত্বপূর্ণ এগুলো। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং এই বিচার সময়ের দাবি, জনগনের দাবি, আমাদের দাবি।
শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তের বিষয়ে কথাবার্তা হয়ে থাকলে আমি একটু যোগ করতে চাইব, উনার(শেখ হাসিনা) যেসব সাঙ্গ-পাঙ্গ আছে সেখানে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরও যেন সঙ্গে ফেরত পাঠানো হয়।
শেখ হাসিনার বিচার হওয়া জরুরী উল্লেখ করে তিনি বলেন, ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে পাঠিয়ে দেয়া যাতে তার বিচারটা হয়। কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরী।
পট-পরিবর্তনের পর এখন জনগণ শক্ত অবস্থানে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ভারতের সাথে যেসব অসম চুক্তি বিগত সরকারের আমলে হয়েছে এখন সেসব চুক্তি বাতিল করা দরকার। যেসব অসম চুক্তি কার্যকর হয় নাই সেগুলোও বাতিল করতে হবে।
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলেছি। বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনেরও পক্ষে দুইটারই প্রয়োজন আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

