বিএনপি মহাসচিব

নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে

নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি নুরকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি তার চিকিৎসা দেশের বাইরে করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

বিজ্ঞাপন

চিকিৎসকদের সঙ্গে আলাপের বরাত দিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, নুরের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনো খুবই ক্রিটিক্যাল। তার যেই জায়গায় ইনজুরিগুলো হয়েছে এই জায়গাগুলো খুব ফ্যাটাল। তার ব্রেইনেও ইনজুরি ও ব্লিডিং হয়েছে। ডাক্তারদের সাথে আলাপ করে আমার মনে হলো এখানে চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি।

একই সাথে হত্যার উদ্দেশ্যেই তার ওপর আঘাত করা হয়েছিলো বলে মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, যারাই আঘাত করুক, আঘাতটা করেছিলো তাকে হত্যার উদ্দেশ্যে। এটা খুব পরিষ্কার। অভ্যুত্থানের পরেও আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ওপর যদি এমন আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কী করেছে চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না।

এ বিষয়ে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিএনপির এই নেতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন